ঢালিউডের সুপারস্টার শাকিব খান সবসময়ই চরিত্রের প্রয়োজনে নিজেকে ভাঙা-গড়ার খেলায় দক্ষ। এবারও তার ব্যতিক্রম হয়নি। নতুন সিনেমা ‘সোলজার’-এ তিনি হাজির হয়েছেন সম্পূর্ণ নতুন এক অবয়বে— মজবুত গোঁফ, দৃঢ় দৃষ্টি ও দেশপ্রেমিক যোদ্ধার রূপে। আর এই নতুন গোঁফই এখন শাকিব ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দুতে।
কিন্তু এই গোঁফ নকল নয়— একেবারেই আসল। সম্প্রতি রাজধানীর বনানীতে একটি আন্তর্জাতিক ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে শাকিব খান নিজেই ফাঁস করলেন এই রহস্য। তিনি বলেন, “আমার গোঁফ নিয়ে অনেকেই জানেন না একটা ব্যাপার— এই গোঁফটা কিন্তু আসল! ভক্তরা দারুণ পছন্দ করেছে আমার এই লুক।”
মজার এক অভিজ্ঞতা শেয়ার করে শাকিব জানান, “শুটিং শেষে মেকআপ যারা আমার রিমুভ করেন, আমি মাঝেমধ্যে তাদের বলি— আমার গোঁফটা খুলে দাও। তারপর দেখি তারা অনেকক্ষণ ধরে হাত দিয়ে নাড়াচাড়া করে, তারপর অবাক হয়ে বলে, ‘আরে এটা তো আসল!’ তখন আমি সত্যি খুব উপভোগ করি।”
সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শাকিব খান। এতে তিনি এক সাহসী দেশপ্রেমিকের ভূমিকায় অভিনয় করছেন, যিনি দেশের দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে লড়বেন। অ্যাকশন-ড্রামা ঘরানার এই ছবিতে তার বিপরীতে আছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ তানজিন তিশা। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, জান্নাতুল ফেরদৌস ঐশী ও এবিএম সুমন।
সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স প্রযোজিত এই সিনেমাটি আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।



