বাংলাদেশে নিখোঁজ ও অপহৃত শিশুদের দ্রুত ও নিরাপদে উদ্ধারের প্রক্রিয়া ত্বরান্বিত করতে জরুরি বিজ্ঞপ্তি ব্যবস্থা ‘মুন অ্যালার্ট’ (MUN Alert)-এর সাথে কৌশলগত সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে দেশীয় ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও। বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (CID)-এর সার্বিক তত্ত্বাবধানে ও কারিগরি সহায়তায় পরিচালিত হয় মুন অ্যালার্ট। এই নতুন চুক্তির ফলে সিআইডি ও মুন অ্যালার্ট থেকে যাচাইকৃত নিখোঁজ শিশু সংক্রান্ত অতি জরুরি নোটিফিকেশনগুলো তাৎক্ষণিকভাবে পাঠাও অ্যাপের লক্ষাধিক সক্রিয় ব্যবহারকারী এবং মাঠপর্যায়ে থাকা রাইডারদের কাছে পৌঁছে দেওয়া যাবে।
নিখোঁজ শিশুদের উদ্ধারে প্রাথমিক কয়েক ঘণ্টা বা ‘গোল্ডেন টাইম’ অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ। এ সময়ে ভৌগোলিক দূরত্বের ওপর ভিত্তি করে নির্দিষ্ট এলাকার মানুষ এবং সার্বক্ষণিক রাস্তায় থাকা রাইডারদের কাছে যাচাইকৃত ছবি ও তথ্য দ্রুত পৌঁছালে শিশুটিকে নিরাপদে খুঁজে পাওয়ার সম্ভাবনা বহুলাংশে বেড়ে যায়। ফলে পাঠাও-এর বিশাল লজিস্টিক ও প্রযুক্তিগত নেটওয়ার্ক ব্যবহার করে উদ্ধার অভিযানকে মাঠপর্যায়ে আরও দ্রুত, কার্যকর ও বিস্তৃত করা সম্ভব হবে।
বাংলাদেশে নিখোঁজ ও পাচার হওয়া শিশুর সংখ্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার দীর্ঘমেয়াদী লক্ষ্যের অংশ হিসেবে এই যৌথ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এটি কেবল প্রযুক্তিগত চুক্তি নয়, বরং সাধারণ নাগরিক, রাইডার সম্প্রদায়, প্রযুক্তি প্রতিষ্ঠান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে একটি সামাজিক সুরক্ষা বলয় গড়ে তোলার পদক্ষেপ। এই উদ্যোগের মাধ্যমে দেশে শিশু সুরক্ষা নিশ্চিতে এক নতুন যুগের সূচনা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।



