চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চরচাকলা গ্রামের নজিপুর এলাকায় পদ্মার শাখা মরা নদীতে গোসল করতে গিয়ে ৫ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে জুম্মার নামাজের সময় স্কুল ছুটির সুযোগে।
স্থানীয় সূত্রে জানা যায়, চরচাকলা গ্রামের ওই পাঁচ শিশু একসাথে নদীতে গোসল করতে নেমেছিল। গোসলের একপর্যায়ে একজন শিশু পানিতে তলিয়ে যেতে লাগলে তাকে বাঁচাতে গিয়ে বাকি চারজনও একে একে পানির নিচে তলিয়ে যায়। পরবর্তীতে এক নারী ঘটনাটি দেখলে তাৎক্ষণিকভাবে স্থানীয় বাসিন্দাদের জানান। স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে পাঁচ শিশুর নিথর দেহ উদ্ধার করে।
নিহত শিশুরা হলো চরচাকলা গ্রামের শরিফুল ইসলামের মেয়ে শরিফা খাতুন (৮), মাসুদ রানার দুই মেয়ে সুমাইয়া খাতুন (৯) ও আবিদা খাতুন (৭) এবং নেজামুল হকের দুই মেয়ে সুরাইয়া খাতুন (৯) ও সমাইয়া খাতুন (১২)।
এ মর্মান্তিক দুর্ঘটনায় পুরো চরচাকলা গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার বাদ মাগরিব একসাথে জানাজা শেষে চরচাকলা গোরস্থানে পাশাপাশি পাঁচটি কবর খুঁড়ে তাদের দাফন সম্পন্ন হয়। জানাজায় স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ আশপাশের কয়েকটি গ্রামের সর্বস্তরের মানুষ অংশ নেন। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফজাল হোসেন রাজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এটিকে অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা বলে আখ্যায়িত করেছেন।



