রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের বহনে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে মেট্রোরেলের নারী বগির পাশের একটি বগি রিজার্ভ রাখা হয়েছে।
উল্লেখ্য, সোমবার দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর এফ-৭ বিজেআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পাশাপাশি আহতদের মধ্যে অন্তত ৭০ জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের বেশিরভাগই শিক্ষার্থী এবং তাদের শরীরের বড় অংশ দগ্ধ হয়েছে।
এ ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এই দিনে দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। একইভাবে বিদেশে বাংলাদেশি মিশনগুলোতেও পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে নিহত ও আহতদের জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।



