দুধ আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ এবং পুষ্টিগুণে ভরপুর পানীয়, যা অনেকেই ‘সুষম খাদ্য’ হিসেবে বিবেচনা করেন। এতে থাকে প্রোটিন, ক্যালসিয়াম, ল্যাকটোজ, ভিটামিন ও বিভিন্ন খনিজ উপাদান, যা শরীরের গঠন ও বৃদ্ধি, হাড়ের মজবুত গঠন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। কিন্তু দুধ যতই উপকারী হোক না কেন, কিছু কিছু খাবারের সঙ্গে একসঙ্গে খেলে তা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।
প্রথমেই বলা যায়, লেবুর সঙ্গে দুধ খাওয়া উচিত নয়। লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড দুধের সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে হজমের গোলমাল, বমি বা পেটব্যথার কারণ হতে পারে। দুধ খাওয়ার অন্তত এক ঘণ্টা পর লেবু খাওয়া নিরাপদ। একইভাবে, মাছ ও মাংসের মতো উচ্চ প্রোটিনযুক্ত খাবারের পরপরই দুধ খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এতে হজমে সমস্যা, গ্যাস্ট্রিক এবং ডায়রিয়ার ঝুঁকি বাড়ে।
অনেকেই সকালের নাশতায় কলা ও দুধ একসঙ্গে খান, যা আয়ুর্বেদ মতে কফ বৃদ্ধির কারণ হতে পারে এবং দুর্বল হজমক্ষমতা সম্পন্নদের জন্য ঝুঁকিপূর্ণ। ইডলি ও দোসা খাওয়ার সময়ও দুধ পরিহার করা উচিত, কারণ এগুলো ফার্মেন্টেড খাবার—যা দুধের সঙ্গে হজমে বিঘ্ন ঘটাতে পারে। এছাড়া, চকোলেটের সঙ্গে দুধ খাওয়া মন্দ না হলেও, এতে থাকা অক্সালেট দুধের ক্যালসিয়াম শোষণে বাধা সৃষ্টি করে এবং হাড়ের ক্ষতি হতে পারে।
সবচেয়ে বিপজ্জনক হলো ফাস্টফুড ও দুধের যুগলবন্দি। পিৎজা, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই বা বিরিয়ানি খাওয়ার পর দুধ খাওয়া হজমে সমস্যা তৈরি করে এবং দুধের পুষ্টিগুণও নষ্ট করে দেয়। তাই দুধের উপকার পেতে চাইলে এসব খাবার থেকে দূরত্ব বজায় রাখাই ভালো।



