বুধবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
হাড়িভাসা এলাকার বাসিন্দা রমজান আলী ও আসাদুল ইসলাম জানান, ভোরে হালকা কুয়াশা কেটে সূর্যের দেখা মিললেও ঠান্ডা বাতাসের কারণে শীতের তীব্রতা কমছে না। বিশেষ করে ভোরবেলা কাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হওয়া দিনমজুর ও শ্রমজীবী মানুষকে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, বুধবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ।



