অভিনেত্রী তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। শুক্রবার (৬ নভেম্বর) রাতে সংগঠনটির ফেসবুক পেজে প্রকাশিত এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
গত ৪ অক্টোবর তানজিন নাহার তিশার কাছে পাঠানো ওই চিঠিতে সদস্যপদ স্থগিতের বিষয়টি উল্লেখ করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু ও সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মিঠু।
চিঠিতে বলা হয়েছে, গত ৭ জুলাই তানজিন তিশাকে সদস্যপদ স্থগিতের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল। তবে ওই নোটিশের পরিপ্রেক্ষিতে তিনি সংগঠনের কার্যালয়ে কোনো জবাব জমা দেননি।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, তানজিন তিশার এমন আচরণের পরিপ্রেক্ষিতে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সালিশ বা বিরোধ মীমাংসা বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের কার্যনির্বাহী পরিষদের নিয়মিত সভায় তাঁর সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের বিষয়ে অভিনেত্রীকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে সংগঠনটি।



