ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠের অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দুই কোটি টাকা অনুদান দিয়েছে। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান–এর হাতে আনুষ্ঠানিকভাবে চেক হস্তান্তর করেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জাতীয় ক্রীড়া পরিষদের কনফারেন্স রুমে এই চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জাতীয় ক্রীড়া পরিষদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)–এর সহসভাপতি সাদিক কাইয়ুমসহ সংশ্লিষ্ট অন্যান্য সদস্য ও কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শিগগিরই ডাকসু ও বিসিবি–এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই চুক্তির আওতায় প্রতি ক্রিকেট মৌসুমে অন্তত ১০০ দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠ ব্যবহার করবে বিসিবি। সেখানে বয়সভিত্তিক ও ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন স্তরের ম্যাচ আয়োজন করা হবে, যা ভবিষ্যৎ ক্রিকেটার গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


