সুফি ও কাওয়ালি সংগীতের কিংবদন্তি শিল্পী ওস্তাদ রাহাত ফতেহ আলী খানের গান ও সংগীতযাত্রাকে সম্মান জানাতে ঢাকায় আয়োজিত হতে যাচ্ছে বিশেষ সংগীতানুষ্ঠান ‘এক শাম রাহাত কে নাম’।
‘উম্মীদ ইভেন্টস’ আয়োজিত এই অনুষ্ঠানটি আগামী ১০ ডিসেম্বর বসুন্ধরা আবাসিক এলাকার ‘সেন্ট্রাম’-এ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে রাহাত ফতেহ আলী খান নিজে উপস্থিত থাকবেন না; বরং তার জনপ্রিয় গান ও সংগীতের প্রতি শ্রদ্ধা জানিয়ে লাইভ পারফর্ম করবে সুফি ব্যান্ড ‘কারার’।
বসুন্ধরার সেন্ট্রামে (রোড ১৬, ব্লক আই) আয়োজিত এই ইনডোর অনুষ্ঠানটিতে দর্শকদের বসার ব্যবস্থা সীমিত রাখা হয়েছে, যেখানে মোট ৪০০টি আসন রয়েছে।
অনুষ্ঠানটির মূল পরিবেশনা শুরু হবে সন্ধ্যা ৮টায় এবং দর্শকদের জন্য ভেন্যুর দরজা খুলে দেওয়া হবে সন্ধ্যা ৭টায়।
প্রতিটি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা। অফিশিয়াল টিকিটিং পার্টনার ‘বাইটিকিট২৪’ (BuyTicket24)-এর মাধ্যমে অনলাইনে আসন বুকিং করা যাচ্ছে এবং এক অর্ডারে সর্বোচ্চ পাঁচটি টিকিট নেওয়ার সুযোগ রাখা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সুফি সুর ও কাওয়ালির আবহে শ্রোতাদের জন্য একটি পরিচ্ছন্ন ও আরামদায়ক সংগীতসন্ধ্যা উপহার দিতেই এই আয়োজন করা হয়েছে।



