রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার সংগীতপ্রেমীদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। আগামী ১৪ নভেম্বর রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে বসছে বহুল প্রতীক্ষিত কনসার্ট ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা: আলি আজমত এবং নগরবাউল জেমস’।
বাংলাদেশ ও পাকিস্তানের দুই রক লেজেন্ড—নগরবাউল জেমস এবং জুনুন ব্যান্ডের আলি আজমত—প্রথমবারের মতো একই মঞ্চে পারফর্ম করতে যাচ্ছেন। দুই দেশের সংগীতপ্রেমীদের কাছে এটি শুধু একটি কনসার্ট নয়, বরং রক সংগীতের ঐক্য ও ইতিহাস গড়ার এক অবিস্মরণীয় আয়োজন।
ইভেন্টটির আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন কমিউনিকেশন, আর প্রধান সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছে স্টেট মিডিয়া। আয়োজকরা জানাচ্ছেন, কনসার্টের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, এবং দর্শকদের জন্য রাখা হয়েছে সর্বোচ্চ মানের সাউন্ড, লাইটিং ও নিরাপত্তা ব্যবস্থা।
অ্যাসেন কমিউনিকেশন-এর সিনিয়র স্ট্র্যাটেজিক প্ল্যানার মুকেশ গোয়ালা বলেন, “ভক্তদের মধ্যে যে উচ্ছ্বাস আমরা দেখছি, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। টিকিট বিক্রিও প্রত্যাশার চেয়ে অনেক বেশি ইতিবাচক। আমরা বিশ্বাস করি, এই রাতটি ঢাকার সংগীত ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।”
রক সংগীতপ্রেমীদের জন্য এটি হবে এমন এক রাত, যেখানে দুই কিংবদন্তির কণ্ঠে প্রতিধ্বনিত হবে দুই দেশের সীমানা ছাড়িয়ে যাওয়া সুরের বন্ধন—একই মঞ্চে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবে ঢাকা।



