আগামী ১৫ ডিসেম্বর ২০২৫ থেকে ম্যাক ও উইন্ডোজের জন্য মেসেঞ্জারের ডেস্কটপ অ্যাপ বন্ধ করার ঘোষণা দিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। ওই তারিখের পর ব্যবহারকারীরা আর ডেস্কটপ সংস্করণের মেসেঞ্জারে লগইন করতে পারবেন না। শনিবার (১৮ অক্টোবর) পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এ তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, এই পরিবর্তন শুধুমাত্র স্ট্যান্ড-অ্যালোন ডেস্কটপ অ্যাপ ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য হবে। অর্থাৎ মোবাইল অ্যাপ বা ওয়েব সংস্করণে মেসেঞ্জার ব্যবহার অব্যাহত থাকবে। মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, ঘোষণার পর ডেস্কটপ অ্যাপে লগইন করা অসম্ভব হবে, এবং ব্যবহারকারীদের স্বয়ংক্রিয়ভাবে ওয়েব বা ফেসবুক সংস্করণে পুনর্নির্দেশ করা হবে।
মেসেঞ্জারের হেল্প পেইজে জানানো হয়েছে, “যদি আপনি ডেস্কটপ অ্যাপ ব্যবহার করেন, তাহলে ডিপ্রেকেশন প্রক্রিয়া শুরু হওয়ার পর একটি ইন-অ্যাপ নোটিফিকেশন পাবেন। এরপর আরও ৬০ দিন ম্যাক মেসেঞ্জার অ্যাপ ব্যবহার করা যাবে, কিন্তু সময়সীমা পেরিয়ে গেলে অ্যাপটি আর চালু হবে না। তাই পরামর্শ দেওয়া হচ্ছে, অ্যাপটি মুছে ফেলুন, কারণ এটি আর কার্যকর থাকবে না।”
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর মতে, রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা এবং মাল্টিপ্ল্যাটফর্ম জটিলতা মোকাবিলায় মেটা এই সিদ্ধান্ত নিয়েছে। যদিও প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কারণ জানায়নি।
এদিকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য একটি আরও নিরাপদ ও স্থিতিশীল অভিজ্ঞতা নিশ্চিত করা। তবে অনেক ব্যবহারকারী মনে করছেন, এই পরিবর্তনে তাদের জন্য কিছুটা অসুবিধা ও সীমাবদ্ধতা তৈরি হবে।



