ডালাস, যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশি তুষার রেজার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় ২ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা ৬টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন বাড়ির বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে এবং ফার্নিচারসহ মূল্যবান ব্যবহার্য সামগ্রী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
তুষার রেজা ও তাঁর পরিবারের সদস্যরা অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে তারা দ্রুত বাইরে বেরিয়ে আসায় কেউ গুরুতর শারীরিক আঘাত পাননি। পরে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রবাসী সমাজের প্রতি তুষার কৃতজ্ঞতা প্রকাশ করে জানিয়েছেন,
“আমরা সবাই নিরাপদ আছি—এটাই সবচেয়ে বড় স্বস্তি। তবে সবকিছু হারিয়ে নতুন করে শুরু করা কঠিন। সবার দোয়া ও সহযোগিতা চাই, যেন আমরা দ্রুত এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে পারি।”
স্থানীয় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা তুষারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছেন। জানা গেছে, শীতের সময় হওয়ায় আগুন লাগার ঘটনা তাদের জন্য আরও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ আগুনে পোশাক, আসবাব, ইলেকট্রনিক্সসহ দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্রের বড় অংশই নষ্ট হয়েছে।
সম্প্রতি ডালাস ও আশপাশের এলাকায় কয়েকটি বাড়িতে বৈদ্যুতিক গোলযোগজনিত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় স্থানীয় কর্তৃপক্ষ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
তুষার পরিবার দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন—এমন প্রার্থনা জানাচ্ছেন দেশ-বিদেশের পরিচিতজনরা।



