আগামী ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর, যার যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। বর্তমান চ্যাম্পিয়ন ভারত এবারও শিরোপার অন্যতম দাবিদার। শুভমান গিল, সূর্যকুমার যাদবদের নেতৃত্বাধীন এই দলটি যদি আবারও বিশ্বকাপ জিতে নেয়, তাহলে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে গড়ে উঠবে তিনটি অনন্য ও অবিস্মরণীয় রেকর্ড।
প্রথমত, টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে শিরোপা ধরে রাখার কীর্তি গড়বে ভারত। এখন পর্যন্ত কোনো দলই পরপর দুই আসরে এই শিরোপা জয়ের নজির স্থাপন করতে পারেনি। দ্বিতীয়ত, প্রথম দল হিসেবে নিজেদের ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করবে টিম ইন্ডিয়া, যা ভারতীয় ক্রিকেট ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে।
তৃতীয়ত, সর্বোচ্চ তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার বিরল কীর্তিও গড়বে ভারতের নতুন প্রজন্ম। ২০২৪ সালে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল রোহিত-কোহলির নেতৃত্বাধীন ভারত। এর আগে ২০০৭ সালে টুর্নামেন্টের প্রথম আসরেও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছিল তারা। এবার সেই ঐতিহ্যকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার সুযোগ সামনে এসেছে।
বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড—দু’দলই দুইবার করে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। ভারত যদি এবার চ্যাম্পিয়ন হয়, তবে এই দুই শক্তিশালী দলকে ছাড়িয়ে এককভাবে শীর্ষে উঠে যাবে তারা। ঘরের মাঠে, নিজেদের সমর্থকদের সামনে ভারত যে হট ফেভারিট—তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। তবে স্মরণে আছে, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে একই পরিস্থিতিতে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গের তিক্ত অভিজ্ঞতাও রয়েছে। এবার সেই আক্ষেপ ঘোচানোর পাশাপাশি ইতিহাস রচনার হাতছানি দিচ্ছে টিম ইন্ডিয়াকে। শেষ পর্যন্ত কী হয়, তার উত্তর দেবে সময়ই।



