বছর শেষ হওয়ার আগেই ২০২৬ সালের আলোচিত ১০০টি ছবি নিয়ে তালিকা প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন। বিশ্বকাপ ফাইনালের ওই ছবিতে দেখা যায়, এনজোর কঠিন ট্যাকলে শূন্যে ছিটকে পড়ছেন স্প্যানিশ ডিফেন্ডার পাউ কুবারসি। ঘটনার ভিডিওতেও স্পষ্টভাবে দেখা যায়, ট্যাকলের আঘাতে কুবারসি অনেকটা ওপরে উঠে যান এবং পরে ব্যথায় কুঁকড়ে পড়েন। তবে গেটি ইমেজের আলোকচিত্রী আল বেল্লোর তোলা স্থিরচিত্রে ধরা পড়েছে সেই মুহূর্তের সবচেয়ে নাটকীয় দৃশ্য। ছবিতে আক্ষরিক অর্থেই এনজোর মাথার ওপর দিয়ে উড়ে যেতে দেখা যায় কুবারসিকে। মাঠের ঘাসে দুই ফুটবলারের ছায়া এবং মাঝমাঠের রেখা ছবিটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
এদিকে টাইমের সেরা ১০০ ছবির তালিকায় জায়গা পেয়েছে গাজায় ফিলিস্তিনি ফুটবলারদের অনুশীলনের একটি ছবিও। গত ১৪ ফেব্রুয়ারি গাজা সিটিতে বার্তা সংস্থা এপির আলোকচিত্রী জেহাদ আলশরাফি ছবিটি ধারণ করেন। এতে দেখা যায়, ‘গাজা স্পোর্টস ক্লাব’-এর বিপক্ষে ম্যাচের প্রস্তুতি হিসেবে অনুশীলন করছেন ‘আল-আহলি ক্লাব’-এর খেলোয়াড়েরা। চারপাশে ধ্বংসস্তূপের মধ্যে নতুন করে তৈরি করা হয়েছে তাদের অনুশীলনের মাঠটি। ইসরায়েলের স্থল ও বিমান হামলায় আশপাশের বহু ভবন ধ্বংস হয়ে যাওয়ার পর ফিলিস্তিনি ফুটবল ফেডারেশন ধ্বংসস্তূপ সরিয়ে পুরোনো কৃত্রিম ঘাস ব্যবহার করে মাঠটি আবারও খেলার উপযোগী করে তোলে।
নতুন এই মাঠ স্থানীয় ফুটবলারদের পাশাপাশি শারীরিক প্রতিবন্ধকতার মুখোমুখি হওয়া খেলোয়াড়দেরও খেলাধুলায় ফেরার সুযোগ তৈরি করেছে। ইসরায়েল-হামাস যুদ্ধের সময় গাজার প্রধান ফুটবল স্টেডিয়ামটি পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ায় মাঠটি স্থানীয় ক্রীড়াঙ্গনের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের মধ্যেও খেলাধুলায় ফিরে আসার এই প্রচেষ্টা ছবিটিকে বিশেষ তাৎপর্য দিয়েছে।



