ব্যস্ত সূচির ভেতর দিয়েই জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন জাতীয় দলের তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। নেদারল্যান্ডস সিরিজের পরই সামনে এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ আসর। এর ঠিক আগে বৃহস্পতিবার জীবনের নতুন ইনিংসে পা রাখলেন তিনি—বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই বাঁহাতি ওপেনার।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বিয়ের খবর নিজেই নিশ্চিত করেন তামিম। সহধর্মিণীর হাত ধরে থাকা একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন— “দুটি আত্মা, একটি হৃদয়, একসাথে চিরজীবনের পথচলা। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন।”
২০২৩ সালে জাতীয় দলে অভিষেকের পর থেকেই নিজের পারফরম্যান্সে জায়গা পাকা করে নিয়েছেন তানজিদ তামিম। লাল-সবুজ জার্সিতে ইতোমধ্যে খেলেছেন ২৬টি ওয়ানডে ম্যাচ, চারটি অর্ধশতকে করেছেন ৫৪৮ রান। টি-টোয়েন্টি ফরম্যাটে ২৯ ম্যাচে করেছেন ৬৫৫ রান, যেখানে রয়েছে ৫টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস। আসন্ন এশিয়া কাপে বাংলাদেশের অন্যতম ভরসা হিসেবেই মাঠে নামবেন তিনি।



