২০২৭ সালের জানুয়ারিতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইউনিফর্মসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি। শনিবার (৩ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় ‘কচুয়ার উন্নয়নে জনমনের ভাবনা’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী জানান, নতুন বইয়ের মান নিশ্চিত করতে এবার উন্নতমানের কাগজ ও কালি ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নিম্নমানের কারণে ইতোমধ্যে প্রকাশকদের কাছ থেকে তিন লাখ বই ফেরত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। কোনো প্রকাশকের বইয়ে মানের ঘাটতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে এবং বই বিতরণের পরও অনিয়ম বা গাফিলতির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন এবং বিদ্যমান শিক্ষাব্যবস্থাকে আরও কার্যকর করতে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ চলছে বলেও জানান শিক্ষামন্ত্রী। এর অংশ হিসেবে প্রাথমিক শিক্ষার্থীদের ইউনিফর্ম ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এ ছাড়া শিক্ষার্থীদের জন্য মানসম্মত খাবার নিশ্চিত করতে ‘মিড-ডে মিল’ কর্মসূচিতে কুপন ব্যবস্থা চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। প্রস্তাবিত ব্যবস্থায় শিক্ষার্থীরা কুপনের মাধ্যমে ক্যান্টিন থেকে খাবার নিতে পারবে। খাদ্য তালিকায় নতুন কিছু খাবার যুক্ত করার পাশাপাশি স্থানীয় উদ্যোক্তাদের সম্পৃক্ত করতে খাবার সরবরাহের প্রক্রিয়া বিকেন্দ্রীকরণের পরিকল্পনাও রয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। প্রথমে কয়েকটি জেলায় পরীক্ষামূলকভাবে এ ব্যবস্থা চালুর পর পর্যায়ক্রমে সারাদেশে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।



