আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক মাইলফলক অর্জিত হয়েছে। দেশের শীর্ষস্থানীয় ট্রাভেল-টেক প্ল্যাটফর্ম ‘শেয়ারট্রিপ’ (ShareTrip)-এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাদিয়া হক জাতিসংঘের সংস্থা ‘ইউএন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট’ (UNCTAD) কর্তৃক ২০২৬-২০২৭ মেয়াদের জন্য দক্ষিণ এশিয়া অঞ্চলের ‘ই-ট্রেড ফর উইমেন অ্যাডভোকেট’ (eTrade for Women Advocate) হিসেবে নিযুক্ত হয়েছেন। প্রথম কোনো বাংলাদেশি হিসেবে তিনি বিশ্বমঞ্চের এই সম্মানজনক পদে স্থলাভিষিক্ত হলেন।
বিশ্বজুড়ে ডিজিটাল ব্যবসায় নিয়োজিত নারী উদ্যোক্তা ও নীতি-নির্ধারকদের মধ্যে কাজের সুযোগ ও সমন্বয় সৃষ্টির লক্ষ্যে জাতিসংঘ কর্তৃক এই উদ্যোগ পরিচালিত হয়ে আসছে। নতুন এই দায়িত্বের অংশ হিসেবে সাদিয়া হক দক্ষিণ এশিয়ার ডিজিটাল বাণিজ্য ও অর্থনীতি সম্পর্কিত উচ্চপর্যায়ের নীতি-নির্ধারণী আলোচনায় দক্ষিণ এশীয় নারী উদ্যোক্তাদের প্রতিনিধিত্ব করবেন। পাশাপাশি এই অঞ্চলের নারী পরিচালিত ডিজিটাল ব্যবসার সার্বিক উন্নয়ন, মাস্টারক্লাস আয়োজন ও নেটওয়ার্কিং বৃদ্ধিতে কাজ করবেন তিনি।
স্বীকৃতি পাওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে সাদিয়া হক বলেন, একটি প্রযুক্তিভিত্তিক ব্যবসা গড়ে তুলতে শুধু অভিনব আইডিয়াই যথেষ্ট নয়; বরং সঠিক নেটওয়ার্ক, মূলধন, তথ্য ও একটি সহায়ক পরিবেশের প্রয়োজন। আগামী সেপ্টেম্বর মাসে সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের হেডকোয়ার্টারে আনুষ্ঠানিকভাবে তাঁর এই নিয়োগ ঘোষণা প্রদান করা হবে। তথ্যপ্রযুক্তি ও দেশের ই-কমার্স খাতে তাঁর দীর্ঘমেয়াদী অবদান এবং ডিজিটাল ট্রাভেল খাতে শেয়ারট্রিপের অগ্রগামী সাফল্য এই বৈশ্বিক অর্জনে বিশেষ ভূমিকা রেখেছে।



