বিশিষ্ট ইসলামী বক্তা ও চিন্তাবিদ ড. জাকির নায়েক আগামী ২৮ নভেম্বর ঢাকায় আসছেন—এ ঘোষণা দিয়েছে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট। তবে তার এই সফর সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “জাকির নায়েককে দাওয়াত দেওয়া হয়েছে বলে আমি জানি না, এ রকম কিছু আগে শুনিনি। এটা আপনার কাছ থেকেই প্রথম শুনলাম।”
এর আগে, রোববার (১২ অক্টোবর) স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের প্রোপাইটার আলী রাজ জানান, প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন ড. জাকির নায়েক। তার মতে, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ২৮ অথবা ২৯ নভেম্বর ঢাকায় প্রথম প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে, তবে শুধুমাত্র ঢাকাতেই নয়, ঢাকার বাইরেও অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। আলী রাজ আরও বলেন, ড. জাকির নায়েকের এই সফর কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, বরং এটি সম্পূর্ণ চ্যারিটি প্রোগ্রাম হিসেবে পরিচালিত হবে।



