নব্বই দশকের জনপ্রিয় ঢাকাই চলচ্চিত্র অভিনেতা ওমর সানী একমাত্র ছেলে ফারদিন এহসানকে সঙ্গে নিয়ে পবিত্র মক্কায় ওমরাহ পালন করেছেন। এই বিশেষ মুহূর্তের ছবি তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন, যা ভক্তদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন ওমর সানী। ছবিতে দেখা যায়, ওমরাহ পালন শেষে পবিত্র ভূমিতে ছেলের পাশে দাঁড়িয়ে আছেন তিনি। ছবির ক্যাপশনে অভিনেতা লেখেন, “আলহামদুলিল্লাহ। সুখী সমৃদ্ধ বাংলাদেশ কামনা।” তাঁর এই দোয়া ও অনুভূতি ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে।
এর আগে ওমর সানী ফেসবুকে একটি আবেগঘন ভিডিও শেয়ার করেছিলেন, যেখানে দেখা যায় ব্যস্ততার কারণে দুই বছরেরও বেশি সময় পর ছেলের সঙ্গে দেখা হলে বাবা ও ছেলে দুজনেই আবেগে ভেঙে পড়েন। সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে এবং নেটিজেনরা বাবা-ছেলের এই অকৃত্রিম ভালোবাসার প্রশংসায় মন্তব্যের ঘর ভরিয়ে দেন।
এবার একসঙ্গে পবিত্র ওমরাহ পালন করায় বাবা-ছেলের আল্লাহর ইবাদতে সম্পৃক্ত হওয়ার বিষয়টিও ভক্তদের প্রশংসা পাচ্ছে। অনেকেই এটিকে একটি অনুপ্রেরণাদায়ক ও হৃদয়স্পর্শী মুহূর্ত হিসেবে দেখছেন।
প্রসঙ্গত, গত ৮ ডিসেম্বর দিবাগত রাতের ফ্লাইটে বাংলাদেশ বিমানে করে ওমরাহ পালনের উদ্দেশে ঢাকা থেকে সৌদি আরবের পথে রওনা হন ওমর সানী। অন্যদিকে তাঁর ছেলে ফারদিন এহসান দুবাই হয়ে জেদ্দা থেকে মক্কায় পৌঁছান ওমরাহ পালনের জন্য।



