আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের সময়সূচি চূড়ান্ত করেছে। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো-র তথ্য অনুযায়ী, আগামী বছরের ২২ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে এই গুরুত্বপূর্ণ বাছাইপর্ব। যদিও টুর্নামেন্টের তারিখ নির্ধারণ করা হয়েছে, তবে আয়োজক দেশ ও ভেন্যু এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি আইসিসি।
আইসিসির নতুন প্রতিযোগিতা কাঠামো অনুযায়ী, ১০ দলের এই বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল সরাসরি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে। অন্যদিকে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অর্জনকারী দলগুলো অংশ নেবে বিশ্বকাপের প্রথম রাউন্ড বা ‘সুপার সিরিজ’-এ। সেখান থেকে সেরা দলটি মূল আসরে খেলার শেষ টিকিট নিশ্চিত করবে। আগামী ৪ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার ১২টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ।
বাছাইপর্বে অংশ নেবে মোট ১০টি দল। এর মধ্যে থাকবে ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওয়ানডে র্যাঙ্কিংয়ে আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েকে বাদ দিয়ে নিচের দুটি পূর্ণ সদস্য দেশ, ক্রিকেট বিশ্বকাপ লিগ-২-এর শীর্ষ চার দল এবং বিশ্বকাপ বাছাই প্লে-অফ থেকে উঠে আসা চারটি দল। প্লে-অফে অংশ নেবে লিগ-২-এর নিচের চার দল এবং চ্যালেঞ্জ লিগ-এর চার দল। সেখান থেকে সেরা চারটি দল মূল বাছাইপর্বে জায়গা করে নেবে।
চ্যালেঞ্জ লিগে ১২টি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে রাউন্ড-রবিন পদ্ধতিতে তিনটি করে টুর্নামেন্ট খেলবে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল প্লে-অফে খেলার সুযোগ পাবে। ফলে বিশ্বকাপে জায়গা করে নিতে প্রতিটি ধাপেই থাকবে কঠিন প্রতিযোগিতা।
এদিকে বর্তমান ওয়ানডে র্যাঙ্কিংয়ের ১০ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজ-এর সামনে সরাসরি বিশ্বকাপে ওঠার কঠিন সমীকরণ অপেক্ষা করছে। কাট-অফের আগে ভারতের বিপক্ষে মাত্র দুটি ওয়ানডে খেলবে ক্যারিবীয়রা। পাশাপাশি আফগানিস্তান ও আয়ারল্যান্ডের সিরিজের ফলও তাদের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আয়ারল্যান্ড যদি আফগানিস্তানকে ৪-১ বা ৫-০ ব্যবধানে হারাতে পারে এবং ওয়েস্ট ইন্ডিজ নিজেদের দুটি ম্যাচেই জয় পায়, তাহলেই কেবল তারা শীর্ষ আটে থেকে সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারবে। অন্যথায় আবারও তাদের বাছাইপর্বের কঠিন পথ পাড়ি দিতে হবে।
উল্লেখ্য, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে হারারেতে নেদারল্যান্ডসের কাছে সুপার ওভারে হেরে মূল আসরে জায়গা হারিয়েছিল দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। সেই হতাশা কাটিয়ে এবার সরাসরি মূল পর্বে জায়গা নিশ্চিত করাই দলটির সবচেয়ে বড় লক্ষ্য।



