প্রবাসীদের জন্য চলতি আগস্ট মাসের শেষ দিকে ‘প্রবাসী কার্ড’ চালু করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। বুধবার (১৯ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে জেলা ছাত্র অধিকার পরিষদ আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।
নুরুল হক নুর বলেন, ‘প্রবাসী কার্ড’ এটিএম কার্ডের মতো ব্যবহার করা যাবে। এর মাধ্যমে ব্যাংকিং লেনদেনের পাশাপাশি দেশে ফেরার পর সরকারি বিভিন্ন সেবা গ্রহণেও প্রবাসীরা সুবিধা পাবেন। এমনকি সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গেলেও কার্ডধারী প্রবাসীরা অগ্রাধিকার সুবিধা পাবেন বলে জানান তিনি।
তিনি আরও বলেন, প্রবাসীদের দেশে ফেরার পর বিভিন্ন সমস্যা সমাধান এবং সরকারি সেবা গ্রহণের প্রক্রিয়া সহজ করতে এই কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে প্রবাসীদের জন্য প্রয়োজনীয় সেবাগুলো আরও সহজ ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
আলোচনা সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন এবং মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু। সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মুহাম্মদ রাজু।
অনুষ্ঠানের শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক অনুদান ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।



