বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে ডিজঅ্যাবল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ সেন্টার (ডিডিআরসি)। সংগঠনটির উদ্যোগে সোমবার (২০ জুলাই) বিকেলে চট্টগ্রাম শহিদনগর সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ২০০ জন প্রতিবন্ধী শিশু ও যুবকের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। তাদের হাতে চাল, ডাল, তেল, শুকনো খাবার, বিশুদ্ধ পানীয় পানি এবং প্রয়োজনীয় ওষুধ তুলে দেওয়া হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানের আগে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি ডিডিআরসির সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করে বলেন, দুর্যোগকবলিত প্রতিবন্ধী জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো মানবিক দায়িত্বের অংশ। তিনি সমাজে শান্তি, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একে অপরের পাশে থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান এবং ডিডিআরসির নির্বাহী পরিচালক শহীদুল ইসলাম সাজ্জাদ।
অনুষ্ঠানে ৮ নম্বর শোলকবহর, ৯ নম্বর উত্তর পাহাড়তলী, ১৩ নম্বর পাহাড়তলী ও ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডের প্রতিবন্ধী শিশু, যুবক এবং তাদের কেয়ারগিভাররা অংশ নেন। সভায় সভাপতির বক্তব্যে ডিডিআরসির নির্বাহী পরিচালক শহীদুল ইসলাম সাজ্জাদ জানান, সাম্প্রতিক অতিবৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যায় প্রায় ৫০০ জন প্রতিবন্ধী শিশু, যুবক ও তাদের কেয়ারগিভার ক্ষতিগ্রস্ত হওয়ায় জেলা প্রশাসকের কাছে ত্রাণ সহায়তার আবেদন করা হয়েছিল। সেই আবেদনের ভিত্তিতে জেলা প্রশাসনের দ্রুত সহযোগিতায় ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। তিনি এ মানবিক সহায়তার জন্য জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও প্রতিবন্ধী মানুষের পাশে থাকার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলকে ধৈর্যসহকারে ত্রাণ গ্রহণের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।



