চাকরির বিজ্ঞাপন সাধারণত লিংকডইনের মতো পেশাদার প্ল্যাটফর্মে নতুন কিছু নয়। তবে সম্প্রতি একেবারেই ব্যতিক্রমী এক বিজ্ঞাপন দিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ভারতের নাগরিক দিনেশ। তিনি সেখানে পূর্ণকালীন ‘গার্লফ্রেন্ড’ নিয়োগের বিজ্ঞাপন দেন, যা মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
দিনেশ এর আগে ভারতের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান টেক মাহিন্দ্রাতে ‘সিনিয়র অ্যাসোসিয়েট’ হিসেবে কর্মরত ছিলেন। লিংকডইনে দেওয়া ওই বিজ্ঞপ্তিতে তিনি জানান, এটি একটি হাইব্রিড জব অফার। অর্থাৎ কাজটি পূর্ণকালীন হলেও প্রয়োজনে মাঝে মধ্যে দূর থেকে কাজ করার সুযোগ থাকবে। চাকরির স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে ভারতের হরিয়ানা রাজ্যের বড় শহর গুরগাঁও।
বিজ্ঞাপনে দিনেশ বিস্তারিতভাবে উল্লেখ করেন, নির্বাচিত প্রার্থীকে কী ধরনের দায়িত্ব পালন করতে হবে। এর মধ্যে রয়েছে গভীর মানসিক সংযোগ তৈরি ও তা বজায় রাখা, অর্থবহ ও খোলামেলা আলাপ, সঙ্গ দেওয়া, পারস্পরিক সহযোগিতা এবং একসঙ্গে বিভিন্ন কাজ বা শখে অংশ নেওয়া।
ভবিষ্যৎ সম্পর্কের কাঠামো নিয়েও তিনি স্পষ্ট ধারণা দিয়েছেন। তার ভাষায়, এই ভূমিকাটির ভিত্তি হবে নিয়মিত যোগাযোগ, পারস্পরিক সম্মান ও বোঝাপড়া। পাশাপাশি যৌথ সিদ্ধান্ত গ্রহণ এবং একটি ইতিবাচক ও সহায়ক সম্পর্কের পরিবেশ গড়ে তোলাও এ দায়িত্বের অংশ।
যোগ্যতার তালিকাও কম নয়। আবেদনকারীকে আবেগ নিয়ন্ত্রণে পারদর্শী হতে হবে, অন্যের কথা মনোযোগ দিয়ে শুনতে জানতে হবে এবং সহমর্মিতা ও মানবিক যোগাযোগে দক্ষ হতে হবে। এ ছাড়া হাসিখুশি, সদয় ও ইতিবাচক মানসিকতার মানুষ হওয়াকেও বিশেষ গুরুত্ব দিয়েছেন দিনেশ।
তবে এত সব দায়িত্ব ও যোগ্যতার কথা উল্লেখ করা হলেও একটি গুরুত্বপূর্ণ বিষয় এড়িয়ে গেছেন তিনি—বেতন। এই প্রশ্নটিই এখন নেটিজেনদের আলোচনার কেন্দ্রে। অনেকেই মজার ছলে মন্তব্য করছেন, “চাকরির দায়িত্ব এত, কিন্তু বেতনের খবর নেই কেন?”
একজন ব্যবহারকারী কৌতুক করে লিখেছেন, “এখন বুঝতে পারছি, কেন আমার ছয় মাসের শিক্ষানবিশ প্রেমিকা আমাকে ছেড়ে দিয়ে অন্য কোথাও পূর্ণকালীন প্রেমিকা হতে চলে গেছে।”
এই ব্যতিক্রমী বিজ্ঞাপনটি নিছক রসিকতা, নাকি সত্যিকারের উদ্যোগ—তা স্পষ্ট না হলেও, লিংকডইনের মতো একটি পেশাদার প্ল্যাটফর্মে এমন পোস্ট নিঃসন্দেহে ব্যাপক আলোচনা ও কৌতূহলের জন্ম দিয়েছে।



