ইরান-ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে গাজা ইস্যুতে মুখ খুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতির আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং খুব শিগগিরই একটি চুক্তি আসতে পারে। টাইমস অব ইসরায়েলের বরাতে এ তথ্য জানানো হয় গত বুধবার (২৫ জুন)।
নেদারল্যান্ডসে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন, “ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন ও ইসরায়েলি হামলার ফলে পরিস্থিতি বদলে গেছে। আমরা খুব শিগগিরই কিছু ভালো খবর পাবো… গাজায় যুদ্ধবিরতি শিগগিরই আসছে।”
তবে ফাঁস হওয়া একটি মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি মাত্র কয়েক মাসের জন্য বিলম্বিত হয়েছে। ট্রাম্প এই তথ্য প্রত্যাখ্যান করে বলেন, “তারা আসলে কিছুই জানে না।” তার দাবি, এই হামলায় ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ‘সম্পূর্ণ ধ্বংস’ হয়েছে এবং এটি ছিল একটি বিধ্বংসী আক্রমণ।
ট্রাম্প আরও বলেন, এসব স্থাপনার ধ্বংসের ফলে ইরান যুদ্ধবিরতির আলোচনায় বাধ্য হয়েছে। একই মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি জানান, পারমাণবিক অস্ত্র তৈরির প্রয়োজনীয় অবকাঠামো এখন সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে। ইরানের একটি পারমাণবিক স্থাপনা যা পাহাড়ের নিচে ছিল, সেটিও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
রুবিওর মতে, ইরানের পারমাণবিক কর্মসূচি এখন আগের তুলনায় ‘অনেক পিছিয়ে’ গেছে এবং এটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য একটি তাৎপর্যপূর্ণ পরিবর্তন।



