অবশেষে টমাস ডুলির সাথে দেখা হলো হামজা চৌধুরীর। ইউরোপের মাটিতে সান মারিনোর বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে নিজেদের সেরা প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। গত সোমবার (১ জুন) সান মারিনোতে পৌঁছানোর পরপরই দলে যোগ দেন প্রবাসী ফুটবলার সামিত সোম এবং জায়ান আহমেদ। সবশেষে মঙ্গলবার (২ জুন) রাতে স্কোয়াডে যোগ দেন হামজা চৌধুরী। এর ফলে পুরো দল একত্রিত হয় এবং প্রথমবারের মতো কোচ টমাস ডুলির সঙ্গেও দেখা হয় হামজার। সবার উপস্থিতিতে এখন পুরোদমে চলছে রণকৌশল সাজানোর কাজ। দীর্ঘ ভ্রমণের পর প্রথম দিন হালকা রিকভারি সেশন শেষে পরদিন থেকেই শুরু হয় পূর্ণ স্কোয়াড অনুশীলন। সান মারিনোর আবহাওয়া দ্রুত পরিবর্তনশীল হলেও দলের ম্যানেজার আমের খান এটাকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন। বাংলাদেশ ও সান মারিনোর সময়ের ব্যবধান ৪ ঘণ্টা। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ১০টা) প্রায় ৯০ মিনিটের নিবিড় অনুশীলন করছে দল। আগামী ৫ জুন স্বাগতিক সান মারিনোর মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।



