গতকাল সকাল থেকেই মান্নাতের সামনে উচ্ছ্বাসে মেতে উঠেছিলেন হাজারো ভক্ত। তাদের একটিমাত্র অপেক্ষা—বলিউডের কিং খান শাহরুখ খানের এক ঝলক দেখা। প্রতি বছরের মতো জন্মদিনে বারান্দায় এসে ভক্তদের হাত নেড়ে শুভেচ্ছা জানাবেন, এমনই ছিল সবার আশা। কিন্তু এবারে সেই স্বপ্ন পূরণ হয়নি। বারান্দায় দেখা মেলেনি শাহরুখের, ভক্তদের জন্য ছিল শুধু দীর্ঘ প্রতীক্ষা আর হতাশা। শেষ পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুপস্থিতির জন্য ভক্তদের কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বর্তমানে শাহরুখ ও তার পরিবার মান্নাত ছেড়ে অস্থায়ীভাবে আলিবাগে অবস্থান করছেন। শুরু থেকেই ধারণা করা হচ্ছিল, এবার আর মান্নাতের সেই আইকনিক ‘বার্থডে অ্যাপিয়ারেন্স’ দেখা যাবে না—আর সেই আশঙ্কাই সত্যি হলো। রোববার (২ নভেম্বর) নিজের ‘এক্স’ হ্যান্ডেলে তিনি একটি বার্তা দিয়ে বিষয়টি স্পষ্ট করেন।
বার্তায় শাহরুখ বলেন, “কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে যে আমি বাইরে বের হয়ে আপনাদের সঙ্গে দেখা করতে পারব না। আপনাদের ভালোবাসা অসীম, কিন্তু ভিড় নিয়ন্ত্রণের সমস্যা বিবেচনায় সকলের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তাই অনুপস্থিতির জন্য ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করে কিং খান আরও বলেন, “আপনাদের চেয়ে আমিই বেশি মিস করছি এই মুহূর্তটিকে।” শেষে তিনি জানান, খুব শিগগিরই ভক্তদের সঙ্গে দেখা করার অপেক্ষায় আছেন তিনি।



