পটুয়াখালীর কুয়াকাটায় স্বামীসহ ঘুরতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ডা. নাবিলা নুসরাত (৩২) নামের এক নারী চিকিৎসক নিহত হয়েছেন। গত শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় কুয়াকাটার মিশ্রীপাড়া বৌদ্ধবিহার পরিদর্শনে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। নিহত নাবিলা নুসরাত ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের চিকিৎসক ছিলেন এবং তিনি ৪২তম বিসিএস পরীক্ষার মাধ্যমে সরকারি চাকরিতে যোগদান করেছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকা থেকে কুয়াকাটায় বেড়াতে গিয়ে তারা একটি হোটেলে ওঠেন এবং শনিবার বিকেলে একটি ইঞ্জিনচালিত ভ্যানে চড়ে মিশ্রীপাড়া বৌদ্ধ মন্দিরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে হঠাৎ একটি বিড়াল ভ্যানটির চাকার নিচে চলে আসে। এ সময় চালক আকস্মিক প্রাণিটিকে বাঁচানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি উল্টে যায় এবং এর ওপর থাকা যাত্রীরা রাস্তায় ছিটকে পড়েন
এই দুর্ঘটনায় ডা. নাবিলা নুসরাতের মাথায় গুরুতর আঘাত লাগে এবং তিনি ভ্যানের নিচে চাপা পড়েন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরবর্তীতে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় তার স্বামী ডা. মাইনুল ইসলাম শুভ সামান্য আহত হন। একজন প্রতিশ্রুতিশীল চিকিৎসকের এমন আকস্মিক মৃত্যুতে চিকিৎসা অঙ্গনসহ সব মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।



