পানি মানবদেহের অন্যতম প্রধান উপাদান। সুস্থ থাকার জন্য প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা জরুরি—এ কথা আমরা সবাই জানি। তবে কম পানি খেলে কী হয়? অনেকেই মনে করেন, পর্যাপ্ত পানি না খেলে কিডনিতে পাথর জমতে পারে। চিকিৎসকেরা দীর্ঘদিন ধরে এই বিষয়ে সতর্ক করে আসলেও এবার বৈজ্ঞানিক গবেষণাতেও সেই ধারণার সমর্থন মিলেছে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় সান ফ্রান্সিসকোর গবেষকরা একাধিক গবেষণা বিশ্লেষণ করে জানিয়েছেন, পানি শুধু কিডনিতে পাথর প্রতিরোধেই নয়; বরং ওজন কমানো, মাথাব্যথা নিয়ন্ত্রণ, ডায়াবেটিস, মূত্রনালির সংক্রমণ এবং নিম্ন রক্তচাপ প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
গবেষণার ফলাফল
গবেষকরা মোট ১৮টি গবেষণা বিশ্লেষণ করেছেন। তাদের মতে, প্রতিদিন অন্তত আট কাপ পানি পান করলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যায়। তবে ছয় কাপ পানি খেলেও উপকার পাওয়া সম্ভব।
এছাড়া, যারা খাবারের আগে পানি পান করেন, তাদের ওজন কমাতে এ অভ্যাস কার্যকর ভূমিকা রাখে। নিয়মিত মাথাব্যথায় ভোগা প্রাপ্তবয়স্করা যদি একটানা তিন মাস পর্যাপ্ত পানি পান করেন, তবে মাথাব্যথা অনেকটাই কমে আসে।
ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে। প্রতিদিন চার কাপ বেশি পানি পান করলে মাত্র আট সপ্তাহের মধ্যেই রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে আসে। মূত্রনালির সংক্রমণে ভোগাদের জন্যও পানি উপকারী। গবেষণায় দেখা গেছে, প্রতিদিন অতিরিক্ত ছয় কাপ পানি পান করলে দীর্ঘমেয়াদে সংক্রমণের ঝুঁকি অনেকটাই হ্রাস পায়। নিম্ন রক্তচাপে ভোগা তরুণদের জন্যও পানি আশীর্বাদস্বরূপ।
সবার জন্য এক নিয়ম নয়
তবে গবেষকেরা সতর্ক করেছেন, পানি খাওয়ার ক্ষেত্রে সবার জন্য এক নিয়ম প্রযোজ্য নয়। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের প্রধান বেনজামিন ব্রেয়ার বলেন, কারও কিডনিতে পাথর বা মূত্রনালির সংক্রমণের ইতিহাস থাকলে পানিশূন্যতা ভয়াবহ ক্ষতি করতে পারে। আবার ঘন ঘন মূত্রত্যাগে ভোগা কারও জন্য কম পানি খাওয়াই উপকারী হতে পারে। তাই কে কতটুকু পানি খাবেন, তা নির্ভর করবে ব্যক্তির শারীরিক অবস্থা ও প্রয়োজনের ওপর।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস



