পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম আবারও ঢাকায় আসছেন। আগামী ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে তাঁর কনসার্ট ‘এক্স ফোর্স প্রেজেন্টস আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’। আয়োজকদের তথ্যমতে, কনসার্টটি ঢাকার ১০০ ফিট ও ৩০০ ফিট এলাকার মধ্যবর্তী একটি আধুনিক ও নিরাপদ আউটডোর এরিনায় আয়োজন করা হবে, যেখানে দর্শকদের সহজ যাতায়াত নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সম্প্রতি সামাজিক মাধ্যমে ভেসে বেড়ায় ‘আতিফ আসলাম আসছেন না’ এবং ‘ভেন্যু চূড়ান্ত হয়নি’— এমন গুজব। এতে ভক্তদের মধ্যে বিভ্রান্তি তৈরি হলেও আয়োজকেরা জানান, নিরাপত্তাজনিত কারণে ভেন্যুর নাম আপাতত প্রকাশ করা হচ্ছে না, তবে প্রয়োজনীয় সব অনুমোদন ও প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বিভ্রান্তির মধ্যে নিজেও পাশে দাঁড়ান আতিফ আসলাম; নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টার শেয়ার করে নিশ্চিত করেন যে তিনি শুধু এই কনসার্টের জন্যই ঢাকায় আসছেন।
মেইন স্টেজ ইনক.–এর মুখপাত্র রিসালাত বলেন, ইভেন্টটি সম্পূর্ণ নিয়মতান্ত্রিক ও নিরাপদভাবে আয়োজন করা হচ্ছে। তিনি ভক্তদের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি জানান, টিকিট বিক্রি হচ্ছে শুধুমাত্র Chologhuri.com–এ; অন্য কোনো মাধ্যম বা ব্যক্তির মাধ্যমে টিকিট বিক্রি করা হচ্ছে না। প্রতিটি টিকিট QR কোড দিয়ে যাচাই করা হবে।
এই কনসার্টে শুধু আতিফ আসলামই নন, পারফর্ম করবেন নগর বাউল জেমসও। টিকিট বিক্রির একটি অংশ PUSAB–এর মাধ্যমে ‘জুলাই বিপ্লবের ফাইটার’ ও তাদের পরিবারের সহায়তায় প্রদান করা হবে। আয়োজকেরা বলেন, দর্শক থেকে শুরু করে শিল্পী— সবার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তারা অনুষ্ঠানটির প্রস্তুতি নিচ্ছেন।



