বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য আসছে রোমাঞ্চকর খবর! আগামী ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে লাতিন-বাংলা ফুটবল সুপার কাপ, যেখানে অংশ নেবে বাংলাদেশ, ব্রাজিল, এবং আর্জেন্টিনার অনূর্ধ্ব–২০ দল। এই প্রতিযোগিতাকে ঘিরে দেশজুড়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।
টুর্নামেন্টকে ঘিরে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কাফু আসছেন ঢাকায়। পাশাপাশি আর্জেন্টিনার পক্ষ থেকেও একজন কিংবদন্তি ফুটবলার শুভেচ্ছাদূত হিসেবে যোগ দেবেন, যদিও এখনো তার নাম চূড়ান্ত হয়নি। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন হুয়ান সেবাস্তিয়ান ভেরন, গাব্রিয়েল বাতিস্তুতা, কিংবা ক্লদিও ক্যানেজিয়া।
আয়োজক প্রতিষ্ঠান এ এফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম ডি আসাদুজ্জামান বলেন, “এই টুর্নামেন্টের মূল লক্ষ্য বাংলাদেশের তরুণ ফুটবলারদের উদ্বুদ্ধ করা। কাফুর সঙ্গে ইতিমধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে। আশা করছি, তিনি আগামী মাসে ঢাকায় আসবেন। আর্জেন্টিনার পক্ষ থেকেও একজন তারকা খেলোয়াড় আসবেন।”
২ ডিসেম্বর ঢাকায় পৌঁছাবে আর্জেন্টিনার বুয়েনস এইরেসভিত্তিক ক্লাব আতলেতিকো চার্লোনের অনূর্ধ্ব–২০ দল, আর ৩ ডিসেম্বর আসবে ব্রাজিলের সাও বার্নার্দো ক্লাবের অনূর্ধ্ব–২০ দল। বাংলাদেশ দলটি গঠিত হবে দেশের অনূর্ধ্ব–১৭, ২০ ও ২৩ দলের বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে।
প্রতিযোগিতার তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৫ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। প্রথম ম্যাচে বাংলাদেশ বনাম ব্রাজিল, দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ বনাম আর্জেন্টিনা, আর শেষ ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনার আমন্ত্রিত দুই ক্লাব। দর্শকেরা টিকিট কেটে ম্যাচগুলো উপভোগ করতে পারবেন, তবে টিকিটের দাম এখনো ঘোষণা করা হয়নি।



