চলমান এশিয়া কাপে সবচেয়ে আলোচিত ম্যাচ নিঃসন্দেহে ভারত-পাকিস্তানের লড়াই। তবে এই ম্যাচ ঘিরেই ভারতের সুপ্রিম কোর্টে জমা পড়েছে এক পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন (পিআইএল), যেখানে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর খেলা বাতিল করার দাবি জানানো হয়েছে।
ভারতের গণমাধ্যম সূত্রে জানা যায়, উর্বশী জৈনের নেতৃত্বে আইন বিভাগের চার শিক্ষার্থী এ আবেদন করেন। তাদের দাবি, গত এপ্রিলে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার ভয়াবহ ঘটনা এবং ‘অপারেশন সিঁদুর’-এর অল্প সময় পরই ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ আয়োজন করা জাতীয় মর্যাদা ক্ষুণ্ন করছে। এমনকি সাধারণ নাগরিক থেকে শুরু করে সৈন্যদের আত্মদানকেও উপেক্ষা করা হচ্ছে বলে অভিযোগ তোলেন তারা।
পিটিশনে উল্লেখ করা হয়, “সৈন্যদের আত্মদান, নাগরিকদের জীবন ও জাতীয় স্বার্থের ঊর্ধ্বে হতে পারে না ক্রিকেট।” সেই সঙ্গে ভবিষ্যতে এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য দ্রুত ন্যাশনাল স্পোর্টস গভর্ন্যান্স অ্যাক্ট ২০২৫ কার্যকর করার আহ্বান জানান আবেদনকারীরা।
এ বিষয়ে শুনানির সময় বিচারক মহেশ্বরি বলেন, “এত তাড়াহুড়ো কেন? এটি কেবলই একটি ম্যাচ, সেটি স্বাভাবিকভাবে হতে দিন।” আবেদনকারীরা রোববারের ম্যাচের আগে রায় চাইলেও বিচারক স্পষ্ট করে জানান, “রোববার ম্যাচ হবে? তা নিয়ে আমরা কী করতে পারি? ম্যাচ চালু রাখা উচিত।”
উল্লেখ্য, ভারতের সংবিধান অনুযায়ী, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার ও স্বার্থ রক্ষার জন্য যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আদালতে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন (পিআইএল) করতে পারেন।



