এশিয়া কাপের জমজমাট আসর শুরু হতে আর খুব বেশি সময় বাকি নেই। আট দলের অংশগ্রহণে আয়োজিত এবারের টুর্নামেন্টে গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। লিটন দাসের নেতৃত্বাধীন টাইগাররা প্রথম ম্যাচে ১১ সেপ্টেম্বর হংকংয়ের মুখোমুখি হবে। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরইমধ্যে টুর্নামেন্টের টিকিটের মূল্য প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
বাংলাদেশ বনাম হংকং ম্যাচের টিকিট পাওয়া যাবে সর্বনিম্ন ১১.৩৪ মার্কিন ডলারে, যা বাংলাদেশি টাকায় প্রায় ১,৩৭৯ টাকা। দক্ষিণ গ্র্যান্ডস্ট্যান্ডের টিকিটের মূল্য প্রায় ২,৭৫৭ টাকা এবং ভিআইপি স্যুটে বসে খেলা দেখতে খরচ পড়বে প্রায় ৬২,০৩৭ টাকা।
অন্যদিকে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচগুলোর টিকিটের দাম তুলনামূলক বেশি। নর্থস্ট্যান্ডে বসে খেলা দেখতে সর্বনিম্ন খরচ হবে প্রায় ২,০৬৮ টাকা। দক্ষিণ গ্র্যান্ডস্ট্যান্ডে খেলা দেখতে হলে লাগবে প্রায় ৩,৪৪৭ টাকা। ভিআইপি স্যুটের টিকিটের দাম সর্বোচ্চ, বাংলাদেশি টাকায় প্রায় ৬৮,৯৩০ টাকা। তবে এই ভিআইপি স্যুটে একসাথে চারজন বসে খেলা উপভোগ করার সুযোগ থাকছে।
মোট ১৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপে। এর মধ্যে ১১টি ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবং বাকি ৮টি আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে। ম্যাচগুলো শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬:৩০-এ, অর্থাৎ বাংলাদেশ সময় রাত ৮:৩০-এ। তবে ১৫ সেপ্টেম্বর শেখ জায়েদ স্টেডিয়ামে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও ওমানের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
টিকিট কেনার জন্য দর্শকদের অফিসিয়াল ওয়েবসাইটে নির্দিষ্ট লিংক ভিজিট করতে হবে।



