এশিয়া কাপ ২০২৫-এর সুপার ফোরে আজ আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। হাই-ভোল্টেজ এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা। ফলে চারিথ আসালঙ্কার নেতৃত্বাধীন শ্রীলঙ্কা শুরু করছে ব্যাট হাতে।
দুই দলের একাদশ
পাকিস্তান: সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, ফখর জামান, সালমান আগা (অধিনায়ক), হুসেইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ।
শ্রীলঙ্কা: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), কুশল পেরেরা, চারিথ আসালঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, চামিকা করুণারত্নে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দুশমান্থ চামিরা, নুয়ান তুশারা।
মুখোমুখি রেকর্ড
টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত দুই দল ২৩ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে পাকিস্তান জিতেছে ১৩ ম্যাচে, আর শ্রীলঙ্কা জিতেছে ১০টিতে। তবে এশিয়া কাপে ছবিটা ভিন্ন। টি-টোয়েন্টি সংস্করণে তিনবারের দেখায় শ্রীলঙ্কা এগিয়ে রয়েছে ২-১ ব্যবধানে, যার মধ্যে আছে ২০২২ সালের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে স্মরণীয় জয়। আরও বড় চ্যালেঞ্জ পাকিস্তানের জন্য—তাদের বিপক্ষে সর্বশেষ পাঁচ ম্যাচেই অপরাজিত শ্রীলঙ্কা।
সমীকরণ ও সাম্প্রতিক ফর্ম
সুপার ফোরে প্রথম ম্যাচে বাংলাদেশ চার উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কাকে, আর পাকিস্তান ছয় উইকেটে হেরেছে ভারতের কাছে। নেট রানরেটে পিছিয়ে থাকায় পাকিস্তান এখন পয়েন্ট তালিকার তলানিতে, যেখানে শ্রীলঙ্কা রয়েছে তিন নম্বরে।
শেষ পাঁচ ম্যাচের ফলাফলে পাকিস্তান জিতেছে ২টি আর হেরেছে ৩টিতে। অন্যদিকে, শ্রীলঙ্কা জিতেছে ৪টি এবং হেরেছে মাত্র ১টিতে।
আজকের ম্যাচে জয় যে কোনো দলের জন্য নতুন করে টিকে থাকার আশা জাগাতে পারে। পাকিস্তান চাইবে সাম্প্রতিক হতাশাজনক রেকর্ড ভাঙতে, আর শ্রীলঙ্কা চাইবে নিজেদের এশিয়া কাপে আধিপত্য ধরে রাখতে।



