আগস্ট মাসে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। তবে সেই সফর বাতিল হওয়ায় টাইগারদের সামনে তৈরি হয়েছে একটি দীর্ঘ বিরতি। এই সুযোগকে কাজে লাগাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই এশিয়া কাপের আগে একটি আন্তর্জাতিক সিরিজ আয়োজনের উদ্যোগ নিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। বিকল্প ভাবনায় রয়েছে একটি স্কিল ও ফিটনেস ক্যাম্পও।
মূল পরিকল্পনা অনুযায়ী, আগস্টের শেষ দিকে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে চায় বিসিবি। আলোচনায় রয়েছে আয়ারল্যান্ড দলের নাম। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছুই চূড়ান্ত হয়নি। বিসিবির একাধিক পরিচালক জানিয়েছেন, আন্তর্জাতিক সিরিজ আয়োজন সম্ভব না হলে ক্রিকেটারদের নিয়ে হবে ঘরোয়া প্রস্তুতি ক্যাম্প।
সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর সিরিজ জিতে জাতীয় দলের ক্রিকেটার ও কোচিং স্টাফরা ছুটিতে গেছেন। প্রধান কোচ ফিল সিমন্স ১৫ আগস্ট দেশে ফিরবেন। তার আগেই সিরিজ আয়োজন বিষয়ে অগ্রগতি চায় বিসিবি।
ভারতের বিপক্ষে পূর্বনির্ধারিত তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজটি এখন পিছিয়ে গেছে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত। ফলে এশিয়া কাপের (সম্ভাব্য শুরু ৫ সেপ্টেম্বর) আগে টাইগারদের আর কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই। সেই কারণেই বিকল্প সিরিজ বা প্রস্তুতি ক্যাম্পের এই উদ্যোগ।
তবে বাস্তবতা বলছে, আগস্ট-সেপ্টেম্বর মাসে অন্য দলগুলোর সূচিও বেশ ব্যস্ত। তাই সিরিজ আয়োজন না হলে দীর্ঘমেয়াদী প্রস্তুতি ক্যাম্পই হতে পারে একমাত্র উপায়। লিটন দাস, তাসকিন আহমেদসহ জাতীয় দলের ক্রিকেটাররাও জানিয়েছেন, তারা চায় এশিয়া কাপের আগে নিজেদের প্রস্তুত করে তুলতে। এখন দেখার বিষয়—বিসিবি শেষ পর্যন্ত একটি সিরিজ আয়োজন করতে পারে কিনা, নাকি প্রস্তুতির পুরো দায়িত্ব গিয়ে পড়ে ক্যাম্পের ওপর।



