এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক এসেছে উশুর ৫২ কেজি ফাইট ইভেন্টে। জিন্নাত আক্তারের হাত ধরে পাওয়া এই পদক নিশ্চিত হয়েছে নাটকীয়ভাবে। প্রাথমিক পর্বে বাই পাওয়ার পর কোয়ার্টার ফাইনালে ইন্দোনেশিয়ার প্রতিযোগী অতিরিক্ত ওজনের কারণে ডিসকোয়ালিফাই হওয়ায় ম্যাচ না খেলেই সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন জিন্নাত। এর ফলে অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়েছে বাংলাদেশের।
১৯৮৬ সালের সিউল এশিয়ান গেমসে বক্সিংয়ের লাইটওয়েট ইভেন্টে পাওয়া পদকটি এতদিন বাংলাদেশি কোনো প্রতিযোগীর একক ইভেন্টে অর্জিত সর্বশেষ পদক ছিল। দীর্ঘ চার দশকের অপেক্ষার পর জিন্নাত আক্তার সেই অপেক্ষার অবসান ঘটালেন। এখন সেমিফাইনাল ও ফাইনালে জয় পেলে তার সামনে রুপা কিংবা স্বর্ণ জয়ের সুযোগ রয়েছে।
উশু থেকে বাংলাদেশের পদক নিশ্চিত হওয়ার বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলু।
এদিকে, উশুর পুরুষদের ৫৬ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে নকআউট হয়েছেন বাংলাদেশের প্রতিযোগী সজীব হোসেন। চীনের প্রতিযোগী জিয়ামিনের বিপক্ষে লড়াইয়ে পরবর্তী রাউন্ডে আর অংশ নিতে পারেননি তিনি এবং ওয়াকওভার দিতে বাধ্য হন।



