বলিউডের সবচেয়ে আলোচিত ও চিরসবুজ তিন সুপারস্টার—শাহরুখ খান, আমির খান ও সালমান খান। তিন দশকেরও বেশি সময় ধরে এই তিনজন রাজত্ব করছেন ভারতীয় সিনেমার আকাশে। অথচ তাদের তিনজনকে একসঙ্গে কখনো এক ফ্রেমে দেখা যায়নি। তবে এবার সামনে এলো এমন এক ‘গোপন’ পরিকল্পনা, যা শুনে রোমাঞ্চিত হয়ে উঠেছে তাদের অগণিত ভক্ত।
সম্প্রতি নেটফ্লিক্সে প্রচারিত ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর প্রথম পর্বে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন সালমান খান। সেখানেই আড্ডার ফাঁকে তিনি জানালেন, তিনি, আমির ও শাহরুখ মিলে ছুটি কাটাতে চান এমন এক জায়গায়, যেখানে কেউ তাদের চিনবে না—যেখানে থাকবে না ক্যামেরা, নিরাপত্তা, সেলফি বা জনতার ভিড়। এই অভিনব পরিকল্পনার সূত্রপাত করেন আমির খান।
সালমান জানান, আমিরই প্রথম প্রস্তাব দিয়েছেন তিনজন মিলে কোথাও নিরিবিলি সময় কাটানোর। অনুষ্ঠানে উপস্থিত অর্চনা পুরান সিং মজা করে মন্তব্য করেন, ‘পৃথিবীতে এমন কোনো জায়গা নেই, যেখানে তোমাদের কেউ চিনবে না!’ এ কথায় হাসি পড়ে পুরো সেটজুড়ে।
তিন খানকে একসঙ্গে বড় পর্দায় দেখার ইচ্ছা বহুদিনের। এ প্রসঙ্গে কপিল শর্মা উল্লেখ করেন, সম্প্রতি আমির খান বলেছেন, তিনি শাহরুখ ও সালমানকে নিয়ে একটি ছবি করতে চান এবং এর জন্য উপযুক্ত চিত্রনাট্য খোঁজা হচ্ছে। উত্তরে সালমান খান হেসে বলেন, ‘ওদের চেষ্টা করতে দিন। যখন হবে, দেখা যাবে।’
তিন খান এর আগে কখনো একসঙ্গে পুরো একটি সিনেমায় কাজ না করলেও জুটি বেঁধে একাধিকবার পর্দায় এসেছেন। সালমান ও শাহরুখ একসঙ্গে ছিলেন ‘করণ অর্জুন’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ ও ‘পাঠান’-এ। আমির ও সালমান একসঙ্গে অভিনয় করেন জনপ্রিয় কমেডি ছবি ‘আন্দাজ আপনা আপনা’-তে। তবে শাহরুখ ও আমির কখনোই পুরো ছবিতে একসঙ্গে ছিলেন না—শুধু ‘লাল সিং চাড্ডা’-তে অতিথি চরিত্রে শাহরুখকে দেখা যায়।
তিন খানের এক ফ্রেমে আসার সম্ভাবনা আপাতত অনিশ্চিত হলেও তাদের বন্ধুত্ব আর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ভক্তদের কল্পনার জগতে আলোড়ন সৃষ্টি হয়েছে। বাস্তব জীবনের এই ‘ট্রায়ো’-এর বন্ধন যেন একটি সময়ের প্রতীক, একটি যুগের সাক্ষ্য!



