গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের সহায়ক সংস্থা ওয়েমো গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে চালকবিহীন রোবোট্যাক্সি সেবা দিয়ে আসছে। এবার তারা যুক্তরাজ্যের রাজধানী লন্ডনেও এই সেবা চালুর পরিকল্পনা করেছে। আন্তর্জাতিকভাবে চালকবিহীন পরিবহন ব্যবস্থার সম্প্রসারণে এটি হবে গুরুত্বপূর্ণ আরেকটি পদক্ষেপ। তবে এজন্য প্রথমে যুক্তরাজ্য সরকারের অনুমোদন প্রয়োজন হবে।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, ওয়েমোর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে তারা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই লন্ডনের সড়কে স্বয়ংক্রিয় ট্যাক্সির পরীক্ষামূলক চালনা শুরু করবে। প্রাথমিকভাবে গাড়িতে একজন মানব নিরাপত্তা চালক থাকবেন, কারণ আনুষ্ঠানিক বাণিজ্যিক সেবা চালুর আগে সরকারের অনুমতি পাওয়া প্রয়োজন।
ওয়েমো জানিয়েছে, পরবর্তী কয়েক মাস তারা লন্ডনে কার্যক্রমের ভিত্তি স্থাপনের কাজ করবে এবং প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার জন্য স্থানীয় ও জাতীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে। বর্তমানে ওয়েমোর চালকবিহীন ট্যাক্সিগুলো যুক্তরাষ্ট্রের ফিনিক্স, সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেস, আটলান্টা ও অস্টিন শহরে সফলভাবে সেবা দিচ্ছে।
লন্ডনের আগে চলতি বছর জাপানেও স্থানীয় অংশীদারদের সঙ্গে পরীক্ষামূলক উদ্যোগ শুরু করেছে প্রতিষ্ঠানটি। যদিও সেখানে এখনো বাণিজ্যিক সেবা শুরুর তারিখ নির্ধারণ করা হয়নি।
লন্ডনে সেবা চালুর আগে ওয়েমোকে যুক্তরাজ্যের স্বয়ংক্রিয় যানবাহন সংক্রান্ত কড়া নিরাপত্তা মানদণ্ড পূরণ করতে হবে। নতুন নিয়ম অনুযায়ী, স্বয়ংক্রিয় গাড়ির নিরাপত্তা দক্ষতা কমপক্ষে একজন সতর্ক ও দক্ষ মানব চালকের সমতুল্য হওয়া বাধ্যতামূলক। এছাড়া লন্ডনের পরিবহন নিয়ন্ত্রক সংস্থা ‘ট্রান্সপোর্ট ফর লন্ডন’-এর শর্তও মানতে হবে, যারা শহরের ঐতিহ্যবাহী ব্ল্যাক ক্যাবস ও উবারসহ অন্যান্য পরিবহন সেবার লাইসেন্সিং তদারকি করে।
সমস্ত পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে সম্পন্ন হলে ওয়েমো ২০২৬ সালের বসন্তে যুক্তরাজ্য সরকারের পরিকল্পিত স্বয়ংক্রিয় ট্যাক্সি ও বাস সেবার পরীক্ষামূলক কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পেতে পারে।



