দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। তার সঙ্গে নতুন জুটি গড়ছেন তরুণ অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। পরিচালক মেহেদী হাসান হৃদয় নির্মাণ করছেন তাদের নতুন সিনেমা ‘বিদায়’, যেখানে প্রথমবার একসঙ্গে দেখা যাবে এই দুই প্রজন্মের জনপ্রিয় তারকাকে।
প্রযোজক শাহরিন আক্তার জানান, “আমাদের আগের সিনেমা ‘বরবাদ’-এর পরবর্তী প্রকল্পে সিয়ামকে নেওয়ার পরিকল্পনা ছিল। আপাতত সেটি স্থগিত রেখে এখন বাপ্পারাজ ও দীঘিকে নিয়ে ‘বিদায়’ ছবির কাজ শুরু করেছি। এটি একটি মানবিক ও সচেতনতামূলক গল্প, যা পরিবারসহ দেখার মতো।”
গত শুক্রবার থেকে সুনামগঞ্জের বিভিন্ন লোকেশনে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। সোমবার থেকে চলছে বাপ্পারাজের অংশের দৃশ্যধারণ, যেখানে তাকে দেখা যাবে একজন চেয়ারম্যানের চরিত্রে। এতে আরও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, ফারুক আহমেদসহ বেশ কয়েকজন জনপ্রিয় শিল্পী।
সিনেমার গল্প নিয়ে বাপ্পারাজ জানিয়েছেন, “চুক্তির শর্ত অনুযায়ী আপাতত সিনেমা সম্পর্কে কিছু বলতে পারছি না। শুটিং শেষ করে মাসের শেষে বিস্তারিত জানাব।”
প্রযোজনা সূত্রে জানা গেছে, নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত টানা শুটিং চলবে সুনামগঞ্জে। এরপর সিনেমার কিছু দৃশ্য ধারণ করা হবে মধ্যপ্রাচ্যের একটি দেশে। গল্পে দেখা যাবে, এক প্রত্যন্ত অঞ্চল থেকে বিদেশে পাড়ি জমানোর স্বপ্ন ও সেই যাত্রাপথের মানবিক টানাপোড়েন।
প্রযোজক শাহরিন বলেন, “অনেকে জানতে চান, আমাদের ছবির নায়ক কে? আমি বলব—এই ছবির গল্পই আসল নায়ক। আমরা এমন একটি সিনেমা বানাতে চাই, যা দর্শকের মনে মানবিকতার বার্তা পৌঁছে দেবে।”
‘বিদায়’ ছবিটি আগামী ঈদ বা অন্য কোনো উৎসব মৌসুমে মুক্তির লক্ষ্য নিয়ে নির্মিত হচ্ছে বলে জানান প্রযোজক।



