দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে টিভির পর্দায় আসছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। আগের চারটি সিজনের তুলনায় এবারের সিজনটি আরও বড় পরিসরে নির্মিত হয়েছে। ঈদুল আজহার রাতে বঙ্গ অ্যাপে প্রথমবারের মতো একসঙ্গে প্রচারিত হয় নতুন সিজনের আটটি পর্ব। মাত্র ৪০ টাকা সাবস্ক্রিপশন ফি দিয়ে দর্শকরা অ্যাপে প্রথম ৮ এপিসোড উপভোগ করতে পেরেছেন।
তবে যারা এখনও টাকার বিনিময়ে দেখতে পারেননি, তাদের জন্য নির্মাতা কাজল আরেফিন অমি এনেছেন আরেকটি চমক। শিগগিরই ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ দেখা যাবে চ্যানেল আইয়ের পর্দায়। আগামী ১০ জুলাই থেকে চ্যানেল আইতে শুরু হবে ধারাবাহিকটির টিভি সম্প্রচার। জানা গেছে, প্রতি সপ্তাহে বৃহস্পতি ও শুক্রবার রাত ৭টা ৫০ মিনিটে নাটকটি প্রচারিত হবে।
১২০ পর্বের এই সিজনের প্রতিটি পর্ব হবে প্রায় ২০ মিনিট দৈর্ঘ্যের। আগের মতো এবারও জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, সাবিলা নূর, শিমুল শর্মা, লামিমা লাম, আব্দুল্লাহ রানা এবং মনিরা মিঠু প্রমুখ।
উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ডিসেম্বর ১১৬তম পর্ব প্রচারের মধ্য দিয়ে শেষ হয়েছিল ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৪’। শুরু থেকেই ধারাবাহিকটি দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। চতুর্থ সিজন শেষ হতেই শুরু হয়েছিল দর্শকদের অপেক্ষা পঞ্চম সিজনের জন্য। অবশেষে সেই অপেক্ষার প্রহর ফুরিয়ে, আসছে আরও হাসি, গল্প আর মজার মুহূর্ত নিয়ে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’।



