বিশ্বজুড়ে বিস্তৃত প্রবাসী বাংলাদেশীদের আন্তঃসংযোগ জোরদার ও অর্থনৈতিক সম্পর্ক ত্বরান্বিত করার লক্ষ্য নিয়ে এনআরবি ওয়ার্ল্ডের (NRB World) ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আন্তর্জাতিক এই সংগঠনের সভাপতি পদে মোহাম্মদ শাহিদুজ্জামান এবং সাধারণ সম্পাদক পদে মোয়াজ্জেম এইচ চৌধুরী নির্বাচিত হয়েছেন। ব্যবসায়িক খাত, শিক্ষা, প্রযুক্তি, অর্থায়ন, স্বাস্থ্য ও প্রকৌশলসহ বহুবিধ পেশাগত ক্ষেত্রে অভিজ্ঞ ও প্রতিশ্রুতিশীল প্রবাসী নেতাদের সমন্বয়ে নতুন এই বিশ্ব কমিটি গঠিত হয়েছে।
সংগঠনটির উপদেষ্টা পরিষদ ও নির্বাহী কমিটিতে আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞ ব্যক্তিবর্গ অন্তর্ভুক্ত হয়েছেন, যা এনআরবি ওয়ার্ল্ডকে প্রাতিষ্ঠানিকভাবে আরও শক্তিশালী করবে। উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছেন ড. কালী প্রদীপ চৌধুরী, ইকবাল আহমেদ, গোলাম ফারুক ভূঁইয়া, শাহ নেওয়াজ, ফয়সল চৌধুরী এবং ড. এম জি মোল্লা মিয়াসহ বিশিষ্ট পেশাজীবীগণ। এছাড়া বিভিন্ন বিভাগভিত্তিক দায়িত্ব ও পরিচালকের পদে শামসুল হক, অধ্যাপক ড. এম নাসির উদ্দিন, অধ্যাপক তাসবিরুল আহমেদ চৌধুরী, রায়হানুল ইসলাম চৌধুরী এবং কাপ্তান তাসবিরুল আহমেদ চৌধুরীর মতো অভিজ্ঞ ব্যক্তিরা নেতৃত্ব দিচ্ছেন।
নতুন নেতৃত্বের মূল লক্ষ্য হলো প্রবাসী বাংলাদেশীদের জন্য বিশ্বজুড়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা এবং নতুন বাণিজ্য ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। একই সাথে প্রযুক্তি, শিক্ষা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের সাথে প্রবাসী সামাজিক ও প্রাতিষ্ঠানিক বন্ধন আরও সুদৃঢ় করা হবে। এই ধারাবাহিকতায় প্রবাসী বিনিয়োগ ও অর্থনৈতিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে এনআরবি ওয়ার্ল্ড তাদের বৈশ্বিক কার্যক্রম আরও ত্বরান্বিত করবে।



