অধস্তন আদালতে বার্ষিক ছুটি ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সুপ্রিম কোর্ট। এখন থেকে আর পুরো ডিসেম্বর মাসজুড়ে একটানা ছুটি থাকবে না। সোমবার (৯ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এতে হাইকোর্ট বিভাগের সব বিচারপতি অংশ নেন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অধস্তন আদালতে বছরে মোট এক মাস ছুটি থাকলেও তা আর একটানা নয়। এখন থেকে ডিসেম্বর মাসে ১৫ দিন এবং জুন মাসে ১৫ দিন করে দুই দফায় ছুটি ভোগ করবেন অধস্তন আদালতের বিচারকরা। অর্থাৎ, টানা এক মাসের পরিবর্তে বছরে দুই ধাপে ছুটি কার্যকর হবে।
সূত্র জানায়, প্রতি বছর ১ থেকে ১৫ জুন এবং ১৭ থেকে ৩১ ডিসেম্বর অধস্তন আদালতে অবকাশকালীন ছুটি থাকবে। এই নতুন ছুটি কাঠামো চলতি বছর থেকেই কার্যকর হবে বলে সভায় জানানো হয়েছে।
ফুল কোর্ট সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, সুপ্রিম কোর্ট সচিবালয়ে ৪৬ জন বিচার বিভাগীয় কর্মকর্তা পদায়ন করা হবে। এরই মধ্যে ছয়জন কর্মকর্তাকে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি সুপ্রিম কোর্টের রেকর্ড ভবনের ২য়, ৩য় ও ৪র্থ তলায় সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম পরিচালনার সিদ্ধান্তও গৃহীত হয়।



