মাঠের ভেতর বল টেম্পারিং নিয়ে ফখর জামানের শাস্তির ঝুঁকি, আর মাঠের বাইরে নিরাপত্তা বিধি ভাঙার অভিযোগ—দুই বিতর্কেই জর্জরিত লাহোর কালান্দার্স। করাচি কিংসের বিপক্ষে ম্যাচের আগে টিম হোটেলে চারজন অনাকাঙ্ক্ষিত অতিথি নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি ও সিকান্দার রাজার বিরুদ্ধে। পাঞ্জাব পুলিশের ভাইরাল এক চিঠিতে অভিযোগ করা হয়, নিরাপত্তা কর্মকর্তার অনুমতি না থাকা সত্ত্বেও ওই চারজনকে জোর করে ভেতরে নিয়ে যান তারা। সিকান্দার রাজা অবশ্য জানান, অতিথিরা তার আত্মীয়-স্বজন ও বন্ধু ছিলেন এবং আগে এ বিষয়ে কখনো বাধা দেয়নি। ফ্র্যাঞ্চাইজি জানিয়েছে, তারা পিসিবি ও পিএসএল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।
অন্যদিকে, বল টেম্পারিংয়ের দায়ে ফখর জামানের বিরুদ্ধে ‘লেভেল-৩’ পর্যায়ের অপরাধের শুনানি হবে। নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারলে নিষিদ্ধ হওয়ার ঝুঁকিও রয়েছে। একের পর এক বিতর্ক দলটির মনোবল ভেঙে দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

