একাদশে সুযোগ পেয়ে বাজিমাত করলেন আনিকা রানিয়া সিদ্দিকা। বৃহস্পতিবার (২৮ মে) রাত ৮টায় মারিয়া মান্দার নেতৃত্বে মালদ্বীপের বিপক্ষে ম্যাচের মাত্র ১৩ সেকেন্ডের মাথায় গোল করে বাংলাদেশকে লিড এনে দেন তিনি। এর আগে উদ্বোধনী ম্যাচে ভারতের কাছে ১১ গোল হজম করেছিল মালদ্বীপ, তাই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশের বিপক্ষে পিছিয়ে থেকেই মাঠে নামে তারা। ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণে মালদ্বীপকে দিশেহারা করে রাখে রিতু-মারিয়ারা। ৩৩ মিনিটে উমেহলা মারমার দুর্দান্ত ফিনিশে দ্বিতীয় গোল আসে। ৪২ মিনিটে মালদ্বীপ একটি গোল শোধ করলেও প্রথমার্ধ শেষে ২-১ গোলে এগিয়ে বাংলাদেশ। কোচ পিটার বাটলার আজ একাদশে বড় পরিবর্তন এনেছেন—গত সাফের সর্বোচ্চ গোলদাতা তহুরা খাতুনকে বাইরে রেখে স্ট্রাইকার হিসেবে সুযোগ দেওয়া হয়েছে আনিকাকে। গোলপোস্টে মিলি আক্তার। অভিষেক হয়েছে আফরিন ও মৌমিতার। হালকা চোটে মনিকা চাকমা দলে নেই। অন্যদিকে গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে প্রতিযোগিতায় টিকে আছে ভুটান।



