যেখানে নদীর দূষণ নিয়ে আমরা প্রতিদিন অভিযোগ করতে ব্যস্ত, সেখানে এক তরুণ কোনো সরকারি সাহায্য ছাড়াই পুরো একটি নদীকে দূষণমুক্ত করার কঠিন লড়াইয়ে নেমে বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছেন। মধ্যপ্রদেশের ২০ বছর বয়সী বিএসসি শিক্ষার্থী সুরেন্দ্র সিং চৌধুরী, যিনি নেটদুনিয়ায় “বিট্টু তবাহী” নামেই বেশি পরিচিত, এক অভূতপূর্ব ও অনুপ্রেরণাদায়ী দৃষ্টান্ত স্থাপন করেছেন।
গত ২৬ জানুয়ারি থেকে শুরু করে তিনি প্রতিদিন একা এবং নিজ দায়িত্বে নামছেন মারাত্মকভাবে দূষিত আজনার নদীতে। নদী থেকে প্লাস্টিকের বোতল, ক্ষতিকর শ্যাওলা, পলিথিন ও বিভিন্ন বিষাক্ত বর্জ্য নিজের হাতে তুলে পরিষ্কার করছেন। নদীতে নামার ফলে বিভিন্ন চর্মরোগ ও অন্যান্য স্বাস্থ্যঝুঁকি থাকার সত্ত্বেও, কোনো শারীরিক বাধা তাকে দমাতে পারেনি।
সবচেয়ে অবাক করার বিষয় হলো, তার এই মহান উদ্যোগে কোনো বাহ্যিক আর্থিক সহায়তা বা ফান্ডিং নেই। বিট্টু ও তার কয়েকজন বন্ধু মিলে নিজেদের পকেটের প্রায় ৩০,০০০ টাকা খরচ করে নদী পরিষ্কারের জন্য দরকারি কিছু প্রাথমিক সরঞ্জাম ও ডাস্টবিন কিনেছেন।
তার এই নিঃস্বার্থ প্রচেষ্টা খুব দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে শিল্পপতি আনন্দ মহিন্দ্রা এবং সাবেক ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসেনের মতো খ্যাতনামা ব্যক্তিরা বিট্টুর এই সাহসিকতা ও কাজের ভূয়সী প্রশংসা করেন।
বিট্টুর লক্ষ্য এখানেই থেমে থাকা নয়; তিনি চান তার এই উদ্যোগকে আরও বড় পরিসরে ছড়িয়ে দিতে, যাতে আরও তরুণ সমাজ পরিবেশ রক্ষায় এগিয়ে আসে এবং নদীটি চিরতরে দূষণমুক্ত হতে পারে। একজন সাধারণ তরুণের এই অনন্য উদ্যোগ প্রমাণ করে যে ইচ্ছা থাকলে একাই একটি সমাজের পরিবর্তন আনা সম্ভব।



