বাংলাদেশ নারী ফুটবল দলের সামনে আজ বড় পরীক্ষা—থাইল্যান্ডের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ। আসন্ন এএফসি নারী এশিয়ান কাপের প্রস্তুতি হিসেবে এ দুই ম্যাচের সিরিজে আজ প্রথম ম্যাচ খেলবে লাল-সবুজরা। বর্তমানে পিটার বাটলারের নেতৃত্বে বাংলাদেশ দল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অবস্থান করছে। ম্যাচের আগে গতকাল স্থানীয় রম সাই ফুটবল মাঠে অনুশীলন করেছে ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুনসহ দলের খেলোয়াড়রা।
নারী জাতীয় দলের গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল ভিডিও বার্তায় বলেন, “আজ দ্বিতীয় দিনের মতো আমরা থাইল্যান্ডে অনুশীলন সেশন সম্পন্ন করেছি। আমরা চেষ্টা করছি আমাদের দুর্বল দিক এবং প্রতিপক্ষ দলের শক্তিশালী দিকগুলো নিয়ে কাজ করতে। কোচের নির্দেশনা অনুযায়ী মেয়েরা মনোযোগ দিয়ে কাজ করছে, আমরা কোচিং স্টাফরা তাদের সর্বাত্মক সহায়তা করছি।”
এই সিরিজ শুধু প্রীতি ম্যাচ নয়—এএফসি নারী এশিয়ান কাপকে সামনে রেখে প্রস্তুতির একটি বড় ধাপ। পাশাপাশি ফিফা র্যাংকিংয়ে উন্নতির লক্ষ্যও রয়েছে দলের সামনে। সর্বশেষ স্কোয়াডে কিছু পরিবর্তনও এনেছেন কোচ বাটলার। ডিফেন্ডার নীলুফার ইয়াসমিন নীলার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন রুমা আক্তার, আর ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতির পরিবর্তে এসেছেন সিনহা জাহান শিখা।
জুলাইয়ের পর এই প্রথমবারের মতো মাঠে নামছে বাংলাদেশ নারী দল। এর আগে এএফসি বাছাইপর্বে বাহরাইন, মিয়ানমার এবং তুর্কমেনিস্তানকে হারিয়ে দুর্দান্ত পারফর্ম করে তারা। তবে আজকের প্রতিপক্ষ থাইল্যান্ড নারী ফুটবলে অনেক এগিয়ে—র্যাংকিং, অভিজ্ঞতা ও সংস্কৃতিতে। তবুও কোচিং স্টাফদের লক্ষ্য, খেলোয়াড়দের কাছ থেকে সামর্থ্যের সর্বোচ্চটা আদায় করা।
গোলরক্ষক কোচ উজ্জ্বল বলেন, “ফুটবলারদের টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল সব নির্দেশনা দেওয়া হচ্ছে। আমরা চেষ্টা করছি মেয়েদের কাছ থেকে সেরাটা আদায় করতে।”
২০১৩ সালের পর এই প্রথমবার সিনিয়র পর্যায়ে থাইল্যান্ডের বিপক্ষে খেলতে যাচ্ছে বাংলাদেশ। সেই ম্যাচে লাল-সবুজরা হেরেছিল ৯–০ গোলে। তবে এখন পরিস্থিতি বদলেছে—বাংলাদেশ নারী ফুটবল অনেক এগিয়েছে, থাইল্যান্ডের সঙ্গে ব্যবধান কমেছে।



