প্রতি বছরের মতো এবারও ঈদুল ফিতরে টেলিভিশন ও ইউটিউবে মুক্তি পেয়েছে শতাধিক নাটক। রোমান্টিক, কমেডি ও সামাজিক নানা ঘরানার গল্প থাকলেও এবার দর্শকের আগ্রহের কেন্দ্রে ছিল পারিবারিক আবেগঘন গল্প। পরিবার, সম্পর্কের টানাপোড়েন ও মায়া-ভালোবাসা কেন্দ্র করে নির্মিত নাটকগুলো দর্শকের হৃদয় ছুঁয়ে গেছে। নির্মাতারা মনে করেন, বর্তমান ব্যস্ত জীবনে পরিবারের সঙ্গে কাটানো সময় কমে যাওয়ায় নাটকে পরিবারকে গুরুত্ব দিয়ে দর্শকের আবেগের জায়গায় পৌঁছানোর চেষ্টা করা হয়েছে।
এবারের ঈদে দর্শককে আবেগে ভাসিয়েছে ‘ফ্যামিলি ম্যান’ নাটকটি। ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনীকে জুটি করে নির্মিত এই নাটকে গরিব ঘরের সন্তান মামুন (জোভান) নিজের জন্য কিছু না কিনে পরিবারের জন্য ঈদের কেনাকাটা করে। মায়ের আবেগঘন দৃশ্যটি দর্শকদের কাঁদিয়েছে। মনিরা মিঠু এতে মায়ের চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া ‘ভেজা চোখ’, ‘তোমাকে চাই’, ‘ডিয়ার ফ্যামিলি’, ‘জামাই টক্কর’ ও ‘আপনজন’ নাটকগুলোও ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে। ইউটিউবে মুক্তির পর অল্প সময়েই মিলিয়ন ভিউ অতিক্রম করেছে অনেক নাটক। সামাজিক যোগাযোগমাধ্যমেও নাটকের সংলাপ ও দৃশ্য নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে।

