যুক্তরাজ্য ও সৌদি আরব যৌথভাবে ইয়েমেন ও বাংলাদেশের জন্য নতুন মানবিক প্রকল্প ঘোষণা করেছে, যার লক্ষ্য এই দুটি দেশে খাদ্য নিরাপত্তাহীনতা মোকাবিলা করা এবং ১০ লাখেরও বেশি ঝুঁকিপূর্ণ মানুষের জন্য নিরাপদ পানির সুবিধা উন্নত করা। বুধবার (৩ ডিসেম্বর) ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ থেকে ২ ডিসেম্বর আন্তর্জাতিক উন্নয়ন ও মানবিক সহায়তা বিষয়ক তৃতীয় কৌশলগত সংলাপ আয়োজন করে যুক্তরাজ্য ও সৌদি আরব। সংলাপ শেষে দুই দেশ যৌথভাবে উল্লেখযোগ্য মানবিক সহায়তা প্রদানের এই নতুন উদ্যোগ গ্রহণ করে। এর অংশ হিসেবে ইয়েমেন ও বাংলাদেশে টেকসই খাদ্যব্যবস্থা এবং বিশুদ্ধ পানির সহজলভ্যতা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
এ ছাড়া ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট (BII) এবং সৌদি একসাবের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক উদ্ভাবনী অর্থায়ন এবং দীর্ঘমেয়াদি সহ-বিনিয়োগের সুযোগ বাড়াবে। উভয় দেশ বহুপক্ষীয় উন্নয়ন সংস্কারে সমন্বিত ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়েছে, যাতে ভবিষ্যতের সহায়তা কার্যক্রম আরও স্বচ্ছ, কার্যকর এবং প্রভাববিস্তারী হয়।
ব্রিটিশ হাইকমিশনের মতে, এই অংশীদারিত্ব আন্তর্জাতিক মানবিক উন্নয়নে একটি আধুনিক ও সমন্বিত দৃষ্টিভঙ্গির প্রতিফলন—যেখানে বিভিন্ন দেশের দক্ষতা, অভিজ্ঞতা ও সম্পদের সমন্বয়ে বেশি মানুষের জীবনে সরাসরি ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।



