সাম্প্রতিক একটি পডকাস্টে নিজের অতীত প্রেম ও ব্যক্তিগত জীবন নিয়ে করা মন্তব্যের জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। উদ্ভূত পরিস্থিতিতে ফেসবুকে একটি ভিডিও বার্তা প্রকাশ করে নিজের বক্তব্যের জন্য অনুতাপ ও দুঃখ প্রকাশ করেছেন এই অভিনেতা।
উল্লেখ্য, ওই পডকাস্টে জোভান জানিয়েছিলেন, অতীতে একটি ক্ষণস্থায়ী সম্পর্ক ভেঙে যাওয়ার পর তিনি মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়েছিলেন যে মাঝরাস্তায় দাঁড়িয়ে শিশুর মতো কেঁদেছিলেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। এর প্রেক্ষিতে বুধবার প্রকাশিত ভিডিও বার্তায় জোভান দাবি করেন, পডকাস্টের ওই কথাগুলো তাঁর নিজের অনুভূতি ছিল না, বরং সেগুলো ছিল ‘স্ক্রিপ্টেড’। তিনি বলেন, “সাক্ষাৎকারে আমি কিছু ভুল কথা বলেছি যা মন থেকে বলা হয়নি। অনুষ্ঠানে আমাকে যা বলতে বলা হয়েছিল, আমি তাই বলেছি এবং এতে আমি সীমা অতিক্রম করেছি।”
ভিডিওতে জোভানকে বেশ লজ্জিত ও অনুতপ্ত দেখা যায়। তিনি সমাজ এবং বিশেষ করে তাঁর স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে বলেন, “আমার অতটা বলা ঠিক হয়নি। আমি খুবই লজ্জিত। আশা করি, আমার বউ আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে।” ভিডিওর এক পর্যায়ে মজার ছলে পাশে বসা স্ত্রীর দিকে তাকিয়ে চিরকুট দেখে কথা বলতে দেখা যায় তাঁকে। যদিও ভিডিওটি দেখে ধারণা করা হচ্ছে এটি কোনো কন্টেন্ট তৈরির উদ্দেশ্যে বা মজার ছলে বানানো, তবে সাধারণ দর্শক ও নেটিজেনদের একাংশ বিষয়টি সহজভাবে গ্রহণ করেননি। ব্যক্তিগত বিষয় নিয়ে এমন ‘নাটকীয়তা’ সাধারণ মানুষকে বিভ্রান্ত করার শামিল বলে মন্তব্য করেছেন অনেকেই।



