ফিফা প্রকাশিত সর্বশেষ পুরুষদের র্যাংকিংয়ে বড় পরিবর্তন এসেছে। দীর্ঘ দুই বছরের আধিপত্য হারিয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা নেমে গেছে তিন নম্বরে। শীর্ষে উঠে এসেছে স্পেন, যারা ২০১৪ সালের পর আবারও এক নম্বর অবস্থানে ফিরল। ফ্রান্সও এক ধাপ এগিয়ে এখন দ্বিতীয় স্থানে।
একইভাবে ধাক্কা খেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এক ধাপ অবনতি হয়ে তারা ষষ্ঠ স্থানে নেমেছে। তাদের জায়গা দখল করেছে পর্তুগাল, যারা এখন পঞ্চম স্থানে। এছাড়া ক্রোয়েশিয়া নবম আর সাবেক চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি শীর্ষ দশে ফিরে এসেছে দশ নম্বরে।
এখন ফিফা র্যাংকিংয়ের শীর্ষ দশ দল হলো—স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা, ইংল্যান্ড, পর্তুগাল, ব্রাজিল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ক্রোয়েশিয়া ও ইতালি।
বাংলাদেশের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। হাভিয়ের কাবরেরার দল এখনও ১৮৪তম স্থানে রয়েছে। সেপ্টেম্বরের শুরুতে কাঠমান্ডুতে নেপালের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর এখন তাদের লক্ষ্য অক্টোবরে হংকংয়ে অনুষ্ঠিতব্য এএফসি এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের বাছাই। নেপালও অপরিবর্তিত থেকে ১৭৬তম স্থানে আছে।
সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে ইউরোপ ও লাতিন আমেরিকায় বিশ্বকাপ বাছাইপর্বের লড়াই জমে উঠেছিল। নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিল ও আর্জেন্টিনা সমান ৩-০ ব্যবধানে জিতলেও, শেষ ম্যাচে যথাক্রমে বলিভিয়া ও ইকুয়েডরের কাছে ১-০ গোলে হেরে র্যাংকিংয়ে ধাক্কা খেয়েছে। বিপরীতে স্পেন দুর্দান্ত পারফরম্যান্সে বুলগেরিয়াকে ৩-০ এবং তুরস্ককে ৬-০ গোলে হারিয়ে শীর্ষে জায়গা পাকা করেছে।
এছাড়া ইতালি সেপ্টেম্বরে দুটি বড় জয় পেয়েছে—ইসরায়েলের বিপক্ষে ৫-৪ গোলের থ্রিলার এবং এস্তোনিয়ার বিপক্ষে ৫-০ গোলের সহজ জয়। অন্যদিকে সর্বোচ্চ ১০ ধাপ উন্নতি করেছে স্লোভাকিয়া, যারা ২৫.৩১ পয়েন্ট অর্জন করেছে। বিপরীতে সবচেয়ে বেশি ৯ ধাপ পিছিয়েছে জিম্বাবুয়ে। আর সর্বোচ্চ ২৬.১৮ পয়েন্ট হারিয়েছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক।



