বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল ও আর্জেন্টাইন গায়িকা নিকি নিকোলকে ঘিরে আবারও জোরালো হয়েছে গুঞ্জন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ছবি প্রকাশ করে তারা যেন ইঙ্গিতই দিলেন বিশেষ সম্পর্কের।
সোমবার সকালে ইয়ামাল তার ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন। সেখানে জন্মদিনের কেক সামনে রেখে নিকি নিকোলের সঙ্গে হাসিমুখে পোজ দিয়েছেন তিনি। ধারণা করা হচ্ছে, নিকির ২৫তম জন্মদিনের আনন্দ ভাগাভাগি করতেই এই আয়োজন ছিল।
এটাই প্রথম নয়। চলতি মাসের শুরুতে এক নাইটক্লাবে দু’জনকে চুম্বনরত অবস্থায় দেখা গেছে বলে দাবি করেছিল গসিপ মিডিয়া। আবার লিগের প্রথম ম্যাচ শেষে ফ্রান্সের মোনাকোর রাস্তায় তাদের একসঙ্গে হাঁটতেও দেখেছেন অনেকে। ফলে সম্পর্ক নিয়ে জল্পনা ক্রমেই বাড়ছে।
তবে ইয়ামালের বাবা বিষয়টি নিয়ে স্পষ্টভাবেই বলেছেন, “এসব আসলে ছোটদের ব্যাপার। আমি ছেলের পিছু নিয়ে দেখব সে কাকে ভালোবাসছে আর কাকে নয়— তা সম্ভব নয়। প্রত্যেকেরই কিছুটা ব্যক্তিগত গোপনীয়তা থাকা দরকার।”
ইয়ামালের ব্যক্তিগত জীবন আগেও বিতর্কে জড়িয়েছে। তার ১৮তম জন্মদিনে বামন ও মডেল ভাড়া করে পার্টি আয়োজন সমালোচনার জন্ম দিয়েছিল। তবে মাঠের পারফরম্যান্স দিয়েই সবসময় আলোচনায় থাকেন তিনি। বর্তমানে বার্সেলোনার জার্সিতে ১০ নম্বর পরে খেলছেন এই ফরোয়ার্ড। ২০২৫-২৬ মৌসুমে তার কাছ থেকে ভক্ত ও ক্লাব অনেক প্রত্যাশা করছে



